× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেও পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেও পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেও পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল-‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’। দিবসটি উপলক্ষে ঢাকায় শব্দসচেতনতামূলক সমাবেশ করেছে পরিবেশ অধিদপ্তর। 

ঢাকার গুলশান-২ চত্ত্বরে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পরিবেশ অধিদপ্তর ও গুলশান সোসাইটির সমন্বয়ে শব্দসচেতনতামূলক সমাবেশটি করা হয়। এছাড়াও বিভিন্ন নাগরিক সংগঠন দিবসটি উপলক্ষে কর্মসূচি পালন করে। 

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ লূৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। এ সময় মোঃ শফিকুল ইসলাম খান বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। সবাইকে জানাতে হবে যে, এটি শুধুমাত্র একটি পরিবেশগত দূষণই নয় বরং এই শব্দদূষণ একটি নীরব ঘাতক।

কাজেই এর সাথে সংশ্লিষ্ট সকলকে শব্দদূষণ নিয়ন্ত্রণে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান। এক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।

ড. মোঃ লূৎফর রহমান বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য পরিবেশ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর ২০২০ সাল থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

এই প্রকল্পের আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সারাদেশে অংশীজনদের (শিক্ষার্থী, পরিবহন চালক, ট্রাফিক পুলিশ, সরকারী কর্মকর্তা ও কর্মচারী, নির্মাণ শ্রমিক এবং বিভিন্ন পেশাজীবী) নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

তা ছাড়া সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, সংশ্লিষ্টজনদের নিয়ে কর্মশালা আয়োজন করা হচ্ছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির জন্য ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডারে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক বার্তা সম্বলিত সাইনবোর্ড টানানো, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, বিভিন্ন টিভি চ্যানেলে টিভিসি প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাসহ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান বলেন, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এ ট্রাফিক পুলিশকে ক্ষমতা প্রদানের পর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ব্যাপকভাবে শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে এর সুফল নগরবাসী ধীরে ধীরে পেতে শুরু করবে।  

এদিকে দিবসটি উপলক্ষে আজ ভোলা জেলা প্রেস ক্লাবের সামনে মানবন্ধনের আয়োজন করে কোস্ট ফাউন্ডেশন। মানববন্ধনে বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা, অতিবৃষ্টি, জলাবদ্ধতা এবং লবণাক্ততার প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

এই পরিস্থিতিতে খাল, বিল, নদী, পুকুর ও অন্যান্য প্রাকৃতিক জলাশয় জলবায়ু সহনশীলতা গড়ে তোলার অন্যতম প্রধান প্রাকৃতিক অবলম্বন। কিন্তু অবৈধ দখল ও ভরাটের কারণে মুক্ত জলাশয়ের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বৃষ্টির পানি ধারণ ও সংরক্ষণের সক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে। ফলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা বাড়ছে এবং কৃষি সেচ ও শিল্প প্রতিষ্ঠানের চাহিদা পূরণে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ব্যাপক হারে গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মন্তব্য করেছেন বক্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা