রামিসা হত্যা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৮ ঘণ্টা আগে
সাক্ষাৎকার দিচ্ছেন ডলারের স্ত্রী। ছবি: রূপালী বাংলাদেশের ইউটিউব থেকে স্কিনশট নেওয়া
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় ডলার কোনোভাবেই জড়িত নন বলে দাবি করেছেন তার স্ত্রী।
রূপালী বাংলাদেশকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন।
গত ১৯ মে পল্লবীর একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় প্রধান আসামি করা হয় সোহেলকে। ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রামিসা হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয় বুধবার। এতে মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি না করে বলেন, ঘটনার সঙ্গে ‘ডলার’ নামের আরেক ব্যক্তি জড়িত ছিলেন এবং তাকেও গ্রেপ্তার করা উচিত। একই সঙ্গে তিনি আদালতের কাছে ক্ষমা চান এবং নিজের ছোট সন্তানের কথা উল্লেখ করেন।
সোহেলের এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডলারের স্ত্রী রূপালী বাংলাদেশকে বলেন, “আমি ডলারের ওয়াইফ। এ মিথ্যে যারা আমার স্বামীর নামে রটাচ্ছে, তাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, বেশি আমার স্বামীর ক্ষতি হচ্ছে। আমার স্বামীর যে মিথ্যে এ ছবি দিয়ে ফেসবুকে ছড়াচ্ছে, সম্পন্ন (সম্পূর্ণ) মিথ্যে।
“আপনারা যদি যাচাই... এলাকাবাসীর কাছে শুনেন যাচাই করে, সে কিরাম মানুষ। সে এই ধরনের মানুষ না; তার চরিত্র অনেক ভালো। আর কোনো আইনজীবী তার সাথে যোগাযোগ চায়, সে আধা ঘণ্টার ভিতরে এসে তার সাথে যোগাযোগ করবে।”
ডলারের বিষয়ে তার স্ত্রী আরও বলেন, “সে তো কিছু করে নাই। সে লুকাবে কেন? সে নির্দোষ। এই যে ফেসবুকে ছবি দিয়ে ছড়াচ্ছেন আমার একটা মেয়ে আছে; দুইটা ছেলে আছে, এটার কী হবে?
“ভাই, আমার শেষ কথা শোনেন। এই যে ফেসবুকে ছবি এটা যদি মিথ্যা হয়, এটা যদি বন্ধ না হয়, তাহলে আমি যারা যারা আমার স্বামীর নামে এই যে ফেসবুকে এইগুলো ছড়াচ্ছে, তাগের নামে আমি মানহানির মামলা করব। তাও যদি না হয় আমরা স্বামী, পোলাপান নিয়ে আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় নাই।”