প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৯ ঘণ্টা আগে
আপডেট : ৯ ঘণ্টা আগে
ঢাকায় উড়াল পথে চলছে মেট্রোরেল। ফাইল ছবি
রাতের বেলায় মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
আগামী ৭ জুন থেকে নতুন সময়সূচি কার্যকর হওয়ার কথা রয়েছে।
মেট্রোরেলের দায়িত্বশীল সূত্র বুধবার বিষয়টি নিশ্চিত করে জানায়, উত্তরা ও মতিঝিল উভয় প্রান্ত থেকে সর্বশেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে।
বর্তমানে সপ্তাহের সাত দিনই উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে।
নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে, তবে অতিরিক্ত এ ২০ মিনিট সময়ের মধ্যে নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদ্যমান সূচির ধারাবাহিকতায় ২০ মিনিট হেডওয়ে বজায় রেখেই শেষ ট্রেন পরিচালনা করা হবে। সময় বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষামূলক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
এর আগে গত বছরের অক্টোবরে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। সে সময় সকালে ট্রেন চলাচল আধা ঘণ্টা আগে শুরু করা হয়। একই সঙ্গে রাতের শেষ ট্রেনের সময়ও আধা ঘণ্টা বাড়ানো হয়।