গার্ডার পড়ে প্রাণহানি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২২ ১৭:৪৮ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২২ ১৮:২৮ পিএম
ফাইল ফটো
ঢাকার উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার আছড়ে পড়ে হতাহতের ঘটনায় প্রাথমিক তদন্তে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) গাফিলতি পেয়েছে তদন্ত কমিটি।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সচিব বলেন, ‘প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা, গাফিলতি পেয়েছে তদন্ত কমিটি। সোমবার (১৫ আগস্ট) কাজ করার কথা ছিল না, ঠিকাদারি প্রতিষ্ঠান কাউকে না জানিয়ে কাজ করছিল।’
সোমবার উত্তরার জসিম উদ্দীন সড়ক এলাকার প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে ক্রেন দিয়ে গার্ডার তোলার সময় সেটি একটি প্রাইভেটকারের ওপর পড়ে যায়। এতে গাড়ির পাঁচ আরোহী নিহত হন। আহত হন দুজন। তারা এক পরিবারের সদস্য।
পরে সন্ধ্যায় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নূরী ঘটনাস্থলে পরিদর্শন শেষে সরকারের তরফে তিন সদস্যের কমিটি গঠনের কথা জানান।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতারকে প্রধান করে গঠিত ওই কমিটি মঙ্গলবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিয়েছে বলে জানান সচিব আমিন উল্লাহ নূরী।
প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট সবাইকে শোকজ করব। চূড়ান্ত প্রতিবেদন এলে সিদ্ধান্ত নেব।’
প্রবা/রাই/এমজে