প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ১৩:০৯ পিএম
ফাইল ফটো
দেশের প্রথম উড়াল মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার স্মারক নোট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২৮ ডিসেম্বর) উত্তরায় এ পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে এ নোট অবমুক্ত করেন তিনি। বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের এই স্মারক নোট মুদ্রণ করেছে।
এর আগে কেন্দ্রীয় ব্যাংক জানায়, অবমুক্তকরণের পর আগামী ২৯ ডিসেম্বর হতে এই স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।
মুদ্রিত ৫০ টাকা মূল্যমান স্মারক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য নিম্নরূপ-
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ১৩০ মিমিx৬০ মিমি পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বামপাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে মেট্রোরেলের ছবি সংযোজন করা হয়েছে। নোটের পেছনভাগে মেট্রোরেলের অপর একটি ছবি সংযোজন করা হয়েছে। নোটের সম্মুখভাগে শিরোনাম ‘বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, যানজট কমাবে মেট্রোরেল’ এবং পেছনভাগে ‘Moving People, Saving Time and Environment’ মুদ্রিত রয়েছে।
নোটের সম্মুখভাগে ওপরে ডান এবং বাম কোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘50’, নিচে ডান কোণে মূল্যমান বাংলায় ‘৫০’ এবং উপরিভাগে মাঝখানে ‘পঞ্চাশ টাকা’ লেখা রয়েছে। নোটের পেছনভাগে ওপরে বাম কোণে ইংরেজিতে ‘50’ এবং নিচে বাম কোণে বাংলায় ‘৫০’ লেখা রয়েছে। এ ছাড়া, নোটের ওপরে ডান কোণে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম” এবং নিচে ডানপাশে ‘FIFTY TAKA’ ও ডানপাশে ‘BANGLADESH BANK’ লেখা রয়েছে।
১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত ৫০ টাকা মূল্যমান স্মারক নোটটির সম্মুখভাগে প্রধানমন্ত্রীর প্রতিকৃতির ডানে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে এবং নোটের ডানদিকে জলছাপ হিসেবে ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’, ‘50’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত রয়েছে। এ ছাড়া নোটের উভয় পৃষ্ঠে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে।
৫০ টাকা অভিহিত মূল্যের স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সম্বলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধু খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকামাত্র এবং ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ।