প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ১৪:২৪ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২ ১৫:০৭ পিএম
প্রতিবেশী দেশের তুলনায় মেট্রোরেলের ভাড়া কেন বেশি তার ব্যাখ্যা দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
তিনি বলেন, ‘আমাদের মেট্রোরেলের ভাড়া বর্তমান সময়ের আলোকে করা হয়েছে। যেসব দেশে ভাড়া কম তারা অনেক আগে তৈরি করেছে। ভাড়া দিয়ে মেট্রোরেল লাভজনক করতে পারব না। তাই আমরা স্টেশন প্লাজা তৈরি করে সেখান থেকে আয় করব।’
রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমএএন ছিদ্দিক এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা তাড়াহুড়ো করে এটা উদ্বোধন করছি না। এই অংশের সব কাজ শেষ। সাধারণ মানুষকে মেট্রোরেলে অভ্যস্ত করার জন্য শুরুতে দুই স্টেশন চালু করছি। মানুষ অভ্যস্ত হয়ে গেলে তিন মাস পর এই অংশের সব স্টেশন খুলে দেব। এভাবে চালু করাই আন্তর্জাতিক পদ্ধতি।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বীর মুক্তিযোদ্ধারা ভাড়া ছাড়াই মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য এতে কোনো হাফ পাস থাকছে না।
মেট্রোরেলের উদ্বোধন অনুষ্ঠানে কী থাকবে তাও তুলে ধরেন সেতুমন্ত্রী। বলেন, ‘আগামীকাল (বুধবার) বেলা ১১টা ১ মিনিটে উত্তরা স্টেশনে প্রধানমন্ত্রী মেট্রোরেল উদ্বোধন করবেন। সেখানে তিনি একটা তেঁতুল গাছ লাগাবেন। এরপর তিনি এমআরটি পাস ( টিকিট) নিয়ে তৃতীয় তলায় গিয়ে ট্রেনে চড়ে আাগারগাঁও আসবেন। সেই ট্রেনে ২০০ নির্দিষ্ট যাত্রী থাকবেন। কোনো হাফ পাস না থাকলেও এমআরটি পাস থাকলে যাত্রী ১০ শতাংশ ছাড় পাবেন।’
চলতি বছরেই বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর পর বুধবার চালু হতে যাচ্ছে মেট্রোরেল। সরকার দাবি করছে, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলও আগামী জানুয়ারিতেই যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এই তিন মেগা প্রকল্পের উদ্বোধন সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়নে দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।
তবে মেট্রোরেলের জন্য নির্ধারণ করা ভাড়া নিয়ে সমালোচনা রয়েছে। এ পরিস্থিতিতে সোমবার মেট্রোরেলে ভাড়া ৩০ শতাংশ কমানোর পরামর্শ দিয়েছে পরিকল্পনা ও উন্নয়ন গবেষণা এবং নীতিবিশ্লেষণী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, দেশের প্রথম মেট্রোরেলের ভাড়া ঢাকায় চলাচল করা বেসরকারি বাসসহ ভারত ও পাকিস্তানের মেট্রোরেলের ভাড়ার তুলনায় দ্বিগুণ থেকে পাঁচগুণ বেশি।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ দাবি করেন।