প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ১৮:৫৮ পিএম
সচিবালয়ে সোমবার গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
অন্যায়ভাবে কেউ বাদ পড়লে নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সচিবালয়ে সোমবার গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “যদি কোথাও কোনো ব্যত্যয় ঘটে বা অন্যায়ভাবে কেউ বাদ পড়ে থাকেন, তবে তা পর্যালোচনা করে নীতিমালার আওতায় তাকে অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেওয়া হবে। সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার সহজ করতে মিডিয়া হাউসভিত্তিক এক বা একাধিক কার্ড চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে”।
তথ্যমন্ত্রী বলেন, “গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। সচিবালয়ে প্রবেশের নিরাপত্তা ও এন্ট্রি সিস্টেম কীভাবে আরও সহজ করা যায়, সে বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের জন্য নির্দিষ্ট পরিসর ও সুযোগ-সুবিধা তৈরিতে তাদের প্রতিনিধিদের মতামত নেওয়া হবে”।
তিনি জানান, সচিবালয়ে প্রবেশাধিকার সহজীকরণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনার পর জারি করা এক্সেস পাস সংক্রান্ত শর্ত এখনো বহাল রয়েছে। তবে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ জন্য গণমাধ্যমকর্মীদের মধ্য থেকে দুই-তিনজন প্রতিনিধি নির্ধারণ করে আলোচনার প্রস্তাব দেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, “সরকার হিসেবে সকলের সেবা নিশ্চিত করতে হয়। প্রতিটি গণমাধ্যম যদি সচিবালয়ের জন্য নির্দিষ্ট প্রতিনিধি মনোনীত করে এবং সেই ভিত্তিতে প্রবেশাধিকার নির্ধারণ করা হয়, তাহলে একদিকে চাপ কমবে, অন্যদিকে পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা আসবে। এতে একটি কার্যকর ডেটাবেজও তৈরি করা সম্ভব হবে”।
অ্যাক্রেডিটেশন কার্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বিষয়টি নীতিমালার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। এ লক্ষ্যে বিদ্যমান নীতিমালা আরও কার্যকর ও প্রয়োগযোগ্য করার উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে সবকিছু পরিচালনার ওপর গুরুত্ব দিচ্ছেন। তাই অ্যাক্রেডিটেশন প্রক্রিয়াও স্বচ্ছ ও নীতিনির্ভর করতে হবে”।
এ প্রক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।