প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ১৭:২৫ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৬ ১৮:০০ পিএম
রবিবার নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আরএফইডি কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসি আব্দুর রহমানেল মাছউদ। ছবি : বাসস
রোজার পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ ।
ঢাকার আগারগাঁওয়ে রবিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টারস ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, “লোকাল গভমেন্টের নির্বাচন শিগগরিই হবে অর্থাৎ রমজান মাসের পরপরই সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। তার আগে আমাদের উপ-নির্বাচন নির্বাচন রয়েছে; সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে। সেগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হবে”।
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করার জন্য দায়বদ্ধ। আইন কি হবে সেটির দায় কমিশনের না। আইন করবে সংসদ। সংসদ নির্বাচন সংক্রান্ত যেসব আইন করবে সেই আইন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন আয়োজনের জন্য দায়বদ্ধ”।
চলমান উপ-নির্বাচন নিয়ে ইসির তৎপরতার সম্পর্কে তিনি জানান, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সবাই বলেছে যে ১২ তারিখের নির্বাচন ভালো হয়েছে। একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলে আপনারাও বলেছেন। দেশি-বিদেশি পর্যবেক্ষণও বলেছেন। আমাদের এখানকার সাধারণ মানুষরাও কিন্তু এই ধরনের একটা মনোভাব রেখেছে। এখন ভালোর কিন্তু কোন সংজ্ঞা নেই। ডিগ্রি নেই। আর ভালো করা যেত কিনা সেটাও চিন্তা করবেন”।
নির্বাচনে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখবে জানিয়ে ইসি বলেন, “আমাদের কোনো নিজস্ব কোনো ঘাটতি ছিল কিনা, গ্রহণযোগ্যতার জন্য আরও কি কি জিনিস সংযোজন করা দরকার বিভোজন করা দরকার সেটাও আমাদের ভাবতে হবে”।
এসময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করে সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহবান জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।