× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ বাংলাদেশেও

কবির হোসেন

প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ০৮:১৬ এএম

আপডেট : ০১ মার্চ ২০২৬ ১১:২৭ এএম

মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর জানতে পারেন যে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। কবে যুদ্ধ থামবে, কবে ফ্লাইট চালু হবে সে অনিশ্চয়তায় উদ্বিগ্ন সবাই। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর জানতে পারেন যে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। কবে যুদ্ধ থামবে, কবে ফ্লাইট চালু হবে সে অনিশ্চয়তায় উদ্বিগ্ন সবাই। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টানা কয়েক মাস ধরেই উত্তেজনা চলছিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। অনেকেই আশঙ্কা করছিলেন, যেকোনো সময় ইরানের ওপর আক্রমণ চালাতে পারে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার সেই আশঙ্কা সত্যি হয়েছেÑ ইরানের বিভিন্ন শহরে আকস্মিক যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পর ইরানও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলে ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে। এর ফলে কার্যত গোটা মধ্যপ্রাচ্যেই দেখা দিয়েছে যুদ্ধাবস্থা।

যুদ্ধের আঁচ এসে লাগছে মধ্যপ্রাচ্য থেকে দূরবর্তী দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশেও। কেননা সারা বিশ্বে যত প্রবাসী বাংলাদেশি রয়েছেন, তাদের বড় অংশটিই অবস্থান করছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। একটি পরিসংখ্যান মতে, মধ্যপ্রাচ্যে রয়েছেন প্রায় ৬৯ লাখ বাংলাদেশি। যাদের অর্ধেকের বেশি রয়েছেন সৌদি আরবে আর চার ভাগের এক ভাগ রয়েছেন আরব আমিরাতে। সঙ্গত কারণেই স্বদেশে এদের আত্মীয়স্বজনরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন।

এদিকে বিমানযাত্রীদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে ছুটি বা কার্যোপলক্ষে স্বদেশে ফেরা মধ্যপ্রাচ্যে কর্মরত ও সেখানে নতুন করে চাকরি পাওয়া বাংলাদেশিদের কর্মস্থলে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

গতকাল শনিবার বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তাজনিত অনিশ্চিত পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে বিমানের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে (যোগাযোগ নম্বর-১৩৬৩৬) বিমানবন্দরে আসতে বলা হয়েছে।

সরেজমিন : শাহজালাল বিমানবন্দর

গতকাল শনিবার সন্ধ্যায় সরেজমিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে কথা বলে জানা যায়, ফ্লাইট স্থগিত করার আগেই শত শত যাত্রী বিমানবন্দরে এসে যাত্রার জন্য অপেক্ষা করছিলেন। ফ্লাইট বাতিলের ঘোষণার ফলে তারা সবাই বহির্গমন গেটে আটকা পড়েন। যাত্রী ও তাদের স্বজনদের ভিড়ে সেখানে জটলা সৃষ্টি হয়। নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে না পেরে তাদের অনেকে দিশাহারা হয়ে পড়েন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিমানযাত্রীরা কী করবেন ভেবে পাচ্ছিলেন না। অনেককেই কর্মস্থলে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়তে দেখা যায়। আটকে পড়া যাত্রীরা জানান, আগামীকাল (রবিবার) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের কাজে যোগ দেওয়ার কথা ছিল। এমন পরিস্থিতিতে তারা ক্ষতিগ্রস্ত হবেন।

যাত্রা স্থগিত, তবুও অপেক্ষা করছেন তারা

এমনই একজন ভূঁইয়া আবুল (৪৭)। গত ১৫ বছর ধরে তিনি কাজ করেন কাতারের একটি কোম্পানিতে। তিন মাস আগে দেশে এসেছিলেন ছুটি কাটাতে। গতকাল শনিবার ছিল তার কাতার ফেরার নির্ধারণ দিন। টিকিট কেটেছিলেন কাতার এয়ারলাইনসের। তবে বিকাল পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও শরীয়তপুর থেকে ঢাকায় বিমানবন্দরে পৌঁছে জানতে পারেন, ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘বিমানবন্দরে এসে শুনলাম, যুদ্ধের কারণে না কি আমাদের বিমান স্থগিত করা হয়েছে। এ কথা শুনে সঙ্গে সঙ্গে ট্রাভেল কোম্পানিকে ফোন দেই। কিন্তু তাদের নম্বর বন্ধ পাই। বিমানবন্দরেও সুনির্দিষ্ট কোনো তথ্য পাচ্ছি না। এখন কী করব বুঝতে পারছি না। ঢাকায় কোনো স্বজন নেই যে, তার বাসায় গিয়ে উঠব। এখন হোটেলে গিয়ে অপেক্ষা করতে হবে।’ 

ভূঁইয়া আবুলের মতোই বিমানবন্দরে এসে ভোগান্তিতে পড়েছেন সৌদি আরবগামী এয়ার অ্যারাবিয়ানের যাত্রী আমিন সরদার। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দুপুর ১২টা থেকে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হই। বিকালে ঢাকায় পৌঁছলে গাড়ির মধ্যেই খবরে দেখতে পাই, আমাদের বিমানের (এয়ার অ্যারাবিয়ান) যাত্রা স্থগিত করা হয়েছে। বিমানবন্দরে পৌঁছে যাদের মাধ্যমে টিকিট নিয়েছি, তাদের সঙ্গে যোগাযোগ করি। তারা বিমানবন্দরে অপেক্ষা করতে বলে। এজন্য অপেক্ষা করছি। জানি না যেতে পারব কি না। দুই তারিখে আমার কাজে যোগদানের কথা। না যেতে পারলে সমস্যা হবে।’

একই বিমানের যাত্রী আমিন আহমেদ বলেন, ‘আমি খুলনা থেকে এসেছি, যাব সৌদি আরবের দাম্মামে। ফ্লাইট স্থগিতের খবর পেয়ে বিমানবন্দরে থেকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। তারা জানায়, অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে। আমার ধারণা, এ সমস্যা সমাধান হতে চার-পাঁচ দিন লেগে যেতে পারে। অনেক ফ্লাইটই বাতিল হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি খুলনায় চলে যাব।’ 

সৌদি এয়ারলাইনসের যাত্রী মো. জিল্লুর রহমান বলেন, ‘গত শুক্রবার সুনামগঞ্জ থেকে ঢাকায় আসি। আমার ফ্লাইট ছাড়ার সময় রাত ১টা ৫০ মিনিটে। শুনলাম আমাদের ফ্লাইটসহ আরও অনেক ফ্লাইট বাতিল করেছে। বিমানবন্দরে অনেকের সঙ্গে কথা বলেছি, কোনো সঠিক তথ্য পাচ্ছি না। কেউ কেউ বলছে, রাতে ফ্লাইট ছাড়তে পারে, আবার অনেকে বলছেন, যাবে না। না যেতে পারলে চাকরির সমস্যা হবে। এখন বিমানবন্দরেই অপেক্ষা করব না কি বাড়ির দিকে রওনা দেব, কোনো সিদ্ধান্ত নিতে পারছি না।’

আকাশপথে চরম বিশৃঙ্খলা

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ভয়াবহ সংঘাতে রূপ নেওয়ায় মধ্যপ্রাচ্যের আকাশপথে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে বিশ্বের বড় বড় এয়ারলাইনসগুলো এই অঞ্চলের বিভিন্ন গন্তব্যে তাদের ফ্লাইট বাতিল করেছে এবং সংঘাতপূর্ণ আকাশপথ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট চলাচল স্থগিত বা বাতিল করেছে বিভিন্ন দেশের এয়ারলাইনস কর্তৃপক্ষ। ঢাকা থেকেও আপাতত মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। এয়ারলাইনস সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতির কারণে গতকাল শনিবার বিকাল ৪টার দিকে ফ্লাইট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। তবে আরও বেশ কয়েক ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আর দুবাইতে থাকা একটি ফ্লাইট সেখানে নিরাপদে অবস্থান করছে।

গতকাল শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, যেসব এয়ারলাইনস তাদের কার্যক্রম স্থগিত বা পরিবর্তন করেছে, তাদের তালিকায় রয়েছেÑ বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইনস। এ দুটি এয়ারলাইনস বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে পরিচালিত সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইউএস-বাংলা ফ্লাইট স্থগিত করেছে জেদ্দা, রিয়াদ, আবুধাবি, শারজাহ, দুবাই, মাস্কট ও দোহায়। এ ছাড়া বিমানও মধ্যপ্রাচ্যের রুটগুলোতে সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে।

সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনায় ইরানের হামলার খবরের পর আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এমন প্রেক্ষাপটে বিমান বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। এয়ারলাইনস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ছাড়া যাত্রীদের এয়ারপোর্টে না আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ জানিয়েছেন, হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আপাতত ফ্লাইট চলাচল হোল্ড রাখা হয়েছে।

শাহ আমানত বিমানবন্দরের ৬ ফ্লাইট বাতিল

এদিকে, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ৬টি মধ্যপ্রাচ্যগামী ও আগমনী ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। 

বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সংখ্যাগরিষ্ঠ এয়ারফিল্ড ও Flight Information Region (FIR) বন্ধ ঘোষণা করায় এখন পর্যন্ত ৩টি আগমনী এবং তিনটি বহির্গামী ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। ফ্লাইটগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বজায় রাখার জন্য স্ব স্ব এয়ারলাইনস কাজ করে যাচ্ছে। বহির্গমন ফ্লাইটগুলো বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে যাওয়ার কথা ছিল। অন্যদিকে আগমনী ফ্লাইটগুলো বেলা ৩টা ১০ মিনিট থেকে বিকাল ৫টা ৪০ মিনিটে আসার কথা ছিল।

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস। শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সব সময় নিজের সঙ্গে রাখতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর অথবা ই-মেইলে [email protected]) যোগাযোগ করতে বলা হয়েছে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা