× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওআইসি বৈঠকের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৩ পিএম

ওআইসি বৈঠকের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: মন্ত্রণালয়

ওআইসি বৈঠকের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: মন্ত্রণালয়

সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন বিষয়ক ওআইসি (অর্গেনাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন) নির্বাহী কমিটির বৈঠকের ফাঁকে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসব বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্তের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ আলখারিজি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. ভারসেন ওহানেস ভার্তান আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজি-এর সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। উল্লেখ্য, গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই নির্বাহী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন।

জাতীয় নির্বাচন ও আন্তর্জাতিক অভিনন্দন

বৈঠকগুলোতে অংশ নেওয়া নেতারা বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান। তার নেতৃত্বে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও উন্নয়নের গতি ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।

একই সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের প্রশংসা করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

ফিলিস্তিনে অটল অবস্থান

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন ড. খলিলুর রহমান। বাংলাদেশের ধারাবাহিক অবস্থানের প্রশংসা করে ফিলিস্তিনের পক্ষ থেকে জানানো হয়, আরব-ইসলামিক ব্লক জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করবে।

পাকিস্তান-তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদার

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে গত বছরের সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ঢাকা সফরের অপেক্ষায় রয়েছেন। নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশ ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে একমত হয়। রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান ড. খলিলুর। রমজানের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-কে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র প্রদান করা হয়।

সৌদি বিনিয়োগ ও ‘ভিশন ২০৩০’

সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আলখারিজি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফর করবেন। তিনি ড. খলিলুর রহমানকেও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ উদ্যোগ বাংলাদেশের জন্য বড় ধরনের সুযোগ সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়।

জবাবে বাংলাদেশে সৌদি বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরে এসব সম্ভাবনা বাস্তবায়নে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হন দুই পক্ষ। পাশাপাশি ওআইসি সচিবালয়ের কার্যকারিতা বৃদ্ধিতে গৃহীত সংস্কার উদ্যোগে বাংলাদেশের সমর্থনও কামনা করেন সৌদি প্রতিনিধি।

রোহিঙ্গা ইস্যুতে কৃতজ্ঞতা

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজির সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকটে গাম্বিয়ার অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান ড. রহমান। বিশেষ করে, মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা পরিচালনায় গাম্বিয়ার ভূমিকাকে প্রশংসা করেন তিনি।

আগামী এপ্রিলে বাগদাদে অনুষ্ঠিতব্য ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে যৌথভাবে একটি সাইড ইভেন্ট আয়োজনের বিষয়ে একমত হয়েছে দুই দেশ। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আফ্রিকার দেশগুলোর সমর্থনের আশ্বাস দেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, এসব বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা