× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদ-আসলে মওকুফের সিদ্ধান্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৫ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

নির্বাচনি অঙ্গিকার অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ-আসলসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ১২ লাখ কৃষক উপকৃত হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।  

সচিবালয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার তার নির্বাচনি ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের সুদসহ পাওনা রয়েছে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা, যা এ মওকুফের আওতায় আসবে।

ঋণ মওকুফ কার্যকর হলে আনুমানিক ১২ লাখ কৃষক প্রত্যক্ষভাবে উপকৃত হবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, কৃষকরা ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার পর এর ওপর আরোপিত পুরো সুদ-আসল সম্পূর্ণ মওকুফ করা হবে।

দরিদ্র কৃষকদের সম্ভাব্য উপকারের দিক তুলে ধরে নাসিমুল গনি বলেন, এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ঋণের দায় থেকে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষিখাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, ঋণের কিস্তি বাবদ যে অর্থ কৃষকের ব্যয় হতো, সেই অর্থ তারা উন্নত মানের বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। মাথার ওপর ঋণের বোঝা না থাকায় কৃষক পরবর্তী মৌসুমে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে সক্ষম হবেন।

মওকুফ প্রক্রিয়ার ফলে কৃষকদের ক্রেডিট রেকর্ড বা ঋণমান উন্নত হবে উল্লেখ করে তিনি বলেন, ফলে তারা ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন, যা তাদের স্থানীয় মহাজনি ঋণের উচ্চ সুদের হাত থেকে রক্ষা করবে। ঋণের বোঝা কমে যাওয়ায় কৃষকরা শস্য, মৎস্য ও পশুপালন খাতে আরও উৎসাহিত হবেন। এতে জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানির ওপর নির্ভরতা কমবে।

ঋণ মওকুফের তাৎক্ষণিক প্রভাব হিসেবে গ্রাম থেকে নগরমুখী অভিবাসন কমবে এবং গ্রামীণ মূল্যস্ফীতি হ্রাস পাবে বলে উল্লেখ করেন তিনি।

সচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের ১৯৯১-১৯৯৬ মেয়াদে ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ-আসলে মওকুফ করা হয়েছিল, যা কৃষকদের কষ্ট লাঘব করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করেছিল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা