বেনাপোল প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩০ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৩ পিএম
বেনাপোল বন্দরে আটকে থাকা রপ্তানিমুখী সুপারিবাহী ট্রাক । ছবি: সংগৃহীত
ভারত থেকে মান পরীক্ষার রিপোর্ট পাওয়ায় বেনাপোল বন্দরে আটকে থাকা রপ্তানিমুখী সুপারিবাহী ১৭৬টি ট্রাক ভারতে গেছে। দীর্ঘ চার মাস এসব ট্রাক বেনাপোল বন্দরে পড়ে ছিল। বর্তমানে যেসব সুপারির ট্রাক আসছে, সেগুলো মান পরীক্ষার রিপোর্ট নিয়েই ভারতে ঢুকছে।
বুধবার থেকে এসব ট্রাক ভারতে প্রবেশ শুরু করেছে। এরইমধ্যে সব ট্রাক ভারতে ঢুকে গেছে বলে জানা গেছে।গত ১৫ ফেব্রুয়ারি গম ও চিনি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত। রবিবার সুপারির মান পরীক্ষার ছাড়পত্র দেওয়ায় আটকে থাকা সুপারি রপ্তানি শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য পণ্যের ওপরও নিষেধাজ্ঞা ও শর্ত উঠে যাবে বলে মনে করছেন দুই দেশের বাণিজ্য সংশ্লিষ্টরা।
সুপারিবাহী ট্রাকচালক মহসিন আলী জানান, ভারত থেকে মান পরীক্ষার ছাড়পত্র না দেওয়ায় চার মাস ধরে সুপারি নিয়ে ভারতে ঢুকতে পারেননি। এখন সুপারির ট্রাক নিয়ে ভারতে যেতে পারছেন।
বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, “সুপারি রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিলেন। ১৭৬টি ট্রাকে প্রতিদিন প্রায় পাঁচ লাখ টাকা অর্থদণ্ড গুনতে হয়েছে। ভোটের পর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আশা করছি, অন্যান্য পণ্যের ওপরও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ভারত ছাড়পত্র দেওয়ায় বেনাপোল বন্দরে আটকে থাকা সব ট্রাক ভারতে প্রবেশ করেছে। নতুন করে যেসব সুপারির ট্রাক বেনাপোল বন্দরে আসছে, সেগুলোর মান পরীক্ষার রিপোর্ট নিয়েই ভারতে প্রবেশ করছে।