প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৬ পিএম
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, “ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় করতে সরকার কাজ করছে”।
তিনি বলেন, “আমরা ব্যবসা ও বিনিয়োগ সহজীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। বিগত তিন বছর অর্থনীতি স্থবির ছিল, বিনিয়োগও আশানুরূপ আসেনি। প্রতিবছর প্রায় ২০ লাখ মানুষ কর্মবাজারে প্রবেশ করে। তাই দেশকে বিনিয়োগবান্ধব করতে চাই। আগামী সময়ে এর ইতিবাচক পরিবর্তন আপনারা দেখতে পাবেন”।
এ সময় তিনি বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী”।
তিনি নন-ট্যারিফ বাধা অপসারণে বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর অংশীদারিত্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে”। দ্বিপাক্ষিক বাণিজ্যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রেডরিক ইনজা, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক, ইতালির রাষ্ট্রদূত এন্তোনিও আলসান্দ্রে, জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ, ফ্রান্সের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল এবং ইইউ ট্রেড অ্যাডভাইজর আবু সাঈদ বেলাল উপস্থিত ছিলেন।