× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসনে রদবদল: দুই সচিবের দপ্তর পরিবর্তন

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০০ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৪ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

প্রশাসনিক গতিশীলতা ও সমন্বয় জোরদারে সচিব পর্যায়ে  রদবদল করেছে সরকার। 

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার জারি করা পৃথক প্রজ্ঞাপনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব পদে পরিবর্তন আনা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সরোয়ার জাহান ভূঁইয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, পিএসসি সচিবালয়ের সচিব আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, উভয় কর্মকর্তাই প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। মাঠ প্রশাসন ও মন্ত্রণালয় পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকায় নতুন দায়িত্ব পালনে তারা বিশেষ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে। পিএসসি মূলত সরকারি চাকরিতে নিয়োগ ও সুপারিশের মতো সংবেদনশীল কাজ পরিচালনা করে। অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রমনীতি, কলকারখানা তদারকি, প্রবাসী শ্রমবাজার–সংক্রান্ত বিষয়সহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। ফলে দুটি গুরুত্বপূর্ণ দপ্তরে একযোগে রদবদল প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার অর্থ হলো—তাদের নির্দিষ্ট দপ্তরের দায়িত্ব থেকে সরিয়ে আপাতত জনপ্রশাসনে ন্যস্ত রাখা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রশাসনে ধারাবাহিক সংস্কার ও পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন এবং প্রশাসনিক জবাবদিহি জোরদারে এই পদক্ষেপ নেওয়া হয়েছে”।

একই দিনে সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয়জন সচিবের নিয়োগ বাতিল করা হয়। পৃথক প্রজ্ঞাপনে তাদের চুক্তি বাতিলের কথা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নতুন করে পর্যালোচনা চলছে। প্রশাসনের শীর্ষ পদে স্থায়ী কাঠামো জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনপ্রশাসন বিশ্লেষকদের মতে, সচিব পর্যায়ের এই ধারাবাহিক রদবদল ও চুক্তি বাতিলের ঘটনা প্রশাসনে একটি বড় বার্তা দিচ্ছে। এতে নীতিগত অবস্থানের পরিবর্তন এবং কর্মদক্ষতা বাড়ানোর সরকারি প্রচেষ্টার প্রতিফলন ঘটছে।

সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে সচিব পর্যায়ে ধারাবাহিক রদবদল ও সংযুক্তির ঘটনায় প্রশাসনিক পুনর্বিন্যাসের ইঙ্গিত মিলছে। সরকারের নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন, নীতিগত সমন্বয় ও কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে হঠাৎ একাধিক পরিবর্তনে প্রশাসনের ভেতরে একধরনের কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, আগামী দিনে আরও কিছু মন্ত্রণালয় ও বিভাগে রদবদল আসতে পারে। প্রশাসনের চলমান এই পরিবর্তন ভবিষ্যতে সরকারি নীতিনির্ধারণ ও বাস্তবায়নে কী প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা