প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৬ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৬ পিএম
মরদেহ বিনা খরচে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: ভিডিও থেকে
বিদেশে কর্মরত অবস্থায় মারা যাওয়া কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
সচিবালয়ে মঙ্গলবার দুপুরে দুইটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধন করে এ কথা জানান তিনি।
তিনি বলেন, “প্রবাসীদের সাধারণ যে দাবি দেওয়া গুলো বিশেষ করে তাদের মরদেহ, এটা রাষ্ট্রীয় খরচে দেশে আনা। এটা আগে বোধহয় ছিল মাঝখানে বন্ধ হয়েছে। আমরা আলাপ করছি যে এটা বিনা খরচে দেশে আনা এবং এর জন্য আপনার আগে তিনটা ফ্রিজিং গাড়ি ছিল। লাশবাহী গাড়ি যেগুলো ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলে এই লাশগুলো পৌঁছে দেয়। আজকে আরও দুটো গাড়ি নতুন এড করা হয়েছে”।
প্রবাসীদের আর্থিক সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, “প্রবাসী কল্যাণ যে একটা ব্যাংক আছে এই ব্যাংক থেকে আমরা প্রবাসে যারা ফেরত আসে দেশে তাদের ব্যবসা-বাণিজ্য কর্মসংস্থানের জন্য ৩ লক্ষ টাকা করে লোন দেওয়া হয়। এইটাকে আরেকটু বাড়ানো যায় কিনা এটা আমরা চিন্তা করতেছি এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যারা স্টুডেন্ট ভিসায় যায় জাপান সহ কয়েকটা দেশে। সেখানে কিন্তু ১০ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়।
“সাধারণ প্রবাসীও যারা যায় বেশি খরচের কারণে তারা অনেকে যেতে পারে না। কিন্তু যারা দক্ষ তারা যদি যেতে চায় তাদেরকেও আমরা একটা লোন দিতে পারি কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব”, বলেছেন প্রতিমন্ত্রী।