প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪২ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৪ পিএম
মঙ্গলবার তেজগাঁয়ে ভূমি ভবনে ভূমি সেবা কল সেন্টার এবং সিটিজেন কেয়ার সেন্টার পরিদর্শন করেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় সঙ্গে ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু।
ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে মঙ্গলবার সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টার (১৬১২২) এর কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এই কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, “ভূমি সেবায় জনভোগান্তি কমিয়ে আস্থা ফিরিয়ে আনতে দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার, আর তার ফল আগামী ছয় মাসের মধ্যেই দৃশ্যমান হবে। মানুষের মধ্যে থাকা সন্দেহ ও অবিশ্বাস দূর করে সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য”।
সেবার ক্ষেত্রে ঘুষ দুর্নীতির একটা অভিযোগ চিরন্তন এটা কিভাবে মোকাবিলা করবেন সাংবাদিকের এমন প্রশ্নে জবাবে মন্ত্রী বলেন, “এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সুনিশ্চিতভাবে এটা আমরা বন্ধ করতে চাই এবং কেউ প্রমাণ সহ আসলে তার সঙ্গে সঙ্গে মন্ত্রণালয় তার সুস্পষ্ট সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করবে। আইন তার নিজস্ব গতিতেই চলবে”।
মিজানুর রহমান মিনু বলেন, “কলসেন্টারের ব্যাপক প্রচার দরকার যাতে প্রান্তিক মানুষ ভূমিসেবা থেকে বঞ্চিত না হয়। সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের সেবার পরিধি বাড়াতে হবে যাতে প্রতিদিন কমপক্ষে ২০০০ মানুষ এই সেবা পায়, যা বর্তমানে ২০০-৩০০ জনে সীমাবদ্ধ আছে”।
এ সময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। ঘুষ দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয় জিরো টলারেন্স থাকবে বলে জানিয়ে তিনি বলেন, “ভূমি মন্ত্রণালয়ের পূর্বের দায়িত্বপ্রাপ্তগণ ঘুষ দুর্নীতিতে দেশে বিদেশে কুখ্যাত ছিলো। আমাদের পূর্ব পুরুষরা কৃষক ছিলেন তাদের প্রতিচ্ছবি সামনে রেখে কাজ করবো”।
তিনি বলেন, “ভূমি খাতের অভিযোগ, আপত্তি,আপীল নিষ্পত্তিতে কিভাবে সময় কমানো যায় তা নিয়ে অংশীজনদের সাথে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে Alternative Dispute Resolution (ADR) বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো ভূমির মামলাগুলো দ্রুত সমাধান করতে হবে”।