প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৬ পিএম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ। ছবি: বাসস
দুর্নীতির অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ এবং তার স্ত্রী ফাতেহা পারভীন লুনার পাঁচটি সঞ্চয়পত্র ও পাঁচটি ব্যাংক হিসাব জব্দের (ফ্রিজ) নির্দেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।দুদকের উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন এসব সম্পদ জব্দের আবেদন জানিয়েছিলেন। জব্দকৃত ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রগুলোতে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা জমা রয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এসব তথ্য জানান।
দুদকের আবেদনপত্রে বলা হয়, র্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। প্রাথমিক অনুসন্ধানে হারুন ও তাঁর স্ত্রী লুনার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, যার বিপরীতে বৈধ আয়ের কোনো সন্তোষজনক উৎস মেলেনি।
দুদক আরও জানায়, এই দম্পতি তাদের ব্যাংক হিসাবের টাকা ও সঞ্চয়পত্র অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে তথ্য রয়েছে। সম্পদগুলো হাতবদল বা পাচার হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হতে পারে—এমন আশঙ্কায় তা ফ্রিজ করা প্রয়োজন।