বিকালে তফসিল
ইউএনবি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১১ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৫ পিএম
নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি/বাসস
আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এর মধ্যে শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের (ইসি) এক জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছন।
তিনি জানান, এদিন বিকেলেই এ দুই আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
শেরপুর-৩ আসনে পুনঃতফসিল এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হবে। এ দুই আসনের প্রবাসী এবং দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে যেন ভোট দেওয়ার সুযোগ পায় সেটিও বিবেচনা করা হচ্ছে। শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোটও হবে।
এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শেরপুর-৩ আসনের বৈধ প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন স্থগিত করে ইসি।
এখন নতুন তফসিলের মাধ্যমে এ আসনে ভোট করতে হবে। অন্যদিকে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জয়ী হলেও সংসদে একইসঙ্গে একাধিক আসনে সদস্য থাকা যায় না বলে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। শূন্য এ আসনে এখন উপনির্বাচন করবে ইসি।