বিবিসি বাংলা
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৭ পিএম
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবন। ছবি: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে নেওয়া
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে নির্বাহী বা জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধু মুসলমান ও পুরুষদের আবেদন চেয়ে যে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তাতে দেশে লিঙ্গ ও ধর্ম ব্যতিরেকে বৈষম্যহীন নিয়োগ নীতি কেন লঙ্ঘন হয়েছে বলে ঘোষণা করা হবে না, তা জানতে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
সরকারি-বেসরকারি সব
কর্মস্থলে বৈষম্যহীনভাবে চাকরির নীতিমালা তৈরি ও বাস্তবায়নের জন্য কেন আদেশ দেওয়া হবে
না, তাও জানতে চাওয়া হয়েছে ওই রুলে।
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস
ইন্ড্রাস্ট্রি গত ২৬ জানুয়ারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যেখানে নির্বাহী
ও জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধু পুরুষ ও মুসলমান ব্যক্তিদের আবেদন করতে বলা হয়েছিল।
সেই নিয়োগ বিজ্ঞপ্তি
বৈষম্যমূলক দাবি করে রিট করেন আইনজীবী অনামিকা নাহরিন। রিটকারীর আইনজীবী কারিশমা জাহান
এ তথ্য জানিয়েছেন।
ওই রিটের শুনানি শেষে
সোমবার এই কারণ দর্শানোর আদেশ দেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের
দ্বৈত বেঞ্চ।
অন্তর্বর্তী আদেশ সরকারকে
নির্দেশনা দেওয়া হয়েছে, (১) ওই নিয়োগ বিজ্ঞপ্তি তদন্ত করে বৈষম্যমূূলক শর্তগুলো প্রত্যাহারের
জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে, (২) সবরকম বৈষম্যহীন নিয়োগের জন্য
নীতিমালা তৈরি ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে এবং (৩) এই বিষয়ে কী কী ব্যবস্থা নেওয়া
হয়েছে, তিন মাসের মধ্য আদালতে সেই বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে।