প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২২ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৩ পিএম
স্টলে ঘুরে ঘুরে নিজের পছন্দের বই কিনছেন ক্রেতারা। ফাইল ফটো
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা। এ মেলা পুরো রোজার মাসজুড়ে চলবে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে বিকাল ৩টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
জানা গেছে, মাসব্যাপী এ বইমেলায় ইসলামি সাহিত্য, গবেষণাধর্মী গ্রন্থ, কুরআন-হাদিসভিত্তিক প্রকাশনা, শিশু-কিশোর উপযোগী বইসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। ধর্মীয় জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষার প্রসারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।
মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এবারের বইমেলায় মোট ৬১টি স্টল অংশ নিয়েছে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির ও হাদিসগ্রন্থ ছাড়াও ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাচ্ছে।
বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব স্টলে সব বইয়ে ৪০ শতাংশ এবং নির্বাচিত কিছু বইয়ে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।