× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক বছরে বাংলাদেশিদের জন্য ১৪ লাখ ভিসা ইস্যু করেছে সৌদি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৫ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে রবিবার সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। ছবি: ইউএনবি

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে রবিবার সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। ছবি: ইউএনবি

২০২৫ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য মোট ১৪ লাখ ভিসা ইস্যু করেছে সৌদি আরব, যার মধ্যে ৭ লাখ ৫০ হাজারই কাজের ভিসা। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে রবিবার সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত বলেন, “সৌদি আরবে চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলোর কারণে দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের চাহিদা বেড়েছে। বাংলাদেশি কর্মীদের জন্য সেখানে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে”।

সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি শুভেচ্ছা জানিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি স্মরণ করেন, ১৯৭৬ সালে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস স্থাপনের মধ্য দিয়ে দুই দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়। ১৯৭৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক সৌদি সফরের কথাও তিনি উল্লেখ করেন।

ড. খলিলুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরবের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মীকে কাজের সুযোগ দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অন্যান্য খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।

রোহিঙ্গা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “অতীতে রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদি আরবের সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ”। বর্তমানে বাংলাদেশে আশ্রিত বিপুলসংখ্যক রোহিঙ্গার জন্য সৌদি আরবের মানবিক সহায়তার প্রশংসা করে তাদের টেকসই প্রত্যাবাসনে সমর্থন কামনা করেন তিনি।

এর আগে সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে সৌদি ‘ভিশন ২০৩০’-এর আওতায় গৃহীত সংস্কার উদ্যোগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা