প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫০ পিএম
পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসার আভাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: ভিডিও থেকে
পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
পুলিশের টপ লেভেলে বড় পরিবর্তন আসতে পারে, সেটা কী শিগগিরই আসবে নাকি আরও দেরি হবে— সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “না, কিছু পরিবর্তন তো আসবেই, একটু সময় দিলে আর কি”।
ঢাকার আদাবরে শনিবার এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, একটা অফিসে ঢুকে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, “এরকম একটা সংবাদ আমার কানেও এসেছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদের রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, আমরা এ সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো”।
সংসদ অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্রপতির সংসদ অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন করতে হয়। এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেইমতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে মার্চের ১২ তারিখে সংসদ অধিবেশন আহ্বান করা হবে”।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “না, সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।” স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম পরে চূড়ান্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।