প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৬ পিএম
ফাইল ফটো
শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রমজান মাসে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার স্কুলের বার্ষিক ছুটির তালিকা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
সংশোধিত তালিকা অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন।
এর আগে রমজানে স্কুল খোলা রাখা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। গত রবিবার এক রিট আবেদনের শুনানি শেষে পুরো রমজান মাস বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে স্থগিতাদেশ দেওয়া হয়, ফলে ছুটি নিয়ে ধোঁয়াশা দেখা দেয়।
বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, “নতুন সরকার চাইলে রমজানে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে। শেষ পর্যন্ত সংশোধিত ছুটির তালিকায় রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে”।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রি ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। গত সোমবার থেকে সেসব প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়।
অন্যদিকে, মাদ্রাসাগুলোর ছুটির তালিকা অনুযায়ী নির্বাচনের ছুটির ধারাবাহিকতায় তাদের ঈদের ছুটি ইতোমধ্যে শুরু হয়েছে, যা চলবে ২৮ মার্চ পর্যন্ত। কলেজগুলোতেও বুধবার থেকে ঈদুল ফিতর উপলক্ষে ছুটি শুরু হয়েছে; ক্লাস পুনরায় শুরু হবে ২৯ মার্চ।