প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮ পিএম
সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ছবি: আকিজবশির গ্রুপের ওয়েবসাইট থেকে নেওয়া
সদ্য সাবেক উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শেখ বশির উদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হলো”।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর ১০ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান শেখ বশিরউদ্দিন, যিনি আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
পরে গত বছরের অগাস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে যোগ দেন তিনি।
ওই সময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও ছিলেন তিনি।
বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হওয়া বিএনপির নেতৃত্বে ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করেছে। ফলে অন্তর্বর্তী সরকারের মেয়াদও শেষ হয়েছে, সেই সঙ্গে শেখ বশিরউদ্দিনও সব দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন।
দুই দশক পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া বিএনপি সরকারে তারেক রহমান হয়েছেন প্রধানমন্ত্রী। আর সেখানে বিমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হয়েছেন আফরোজা খানম রিতা, যিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।
প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হয়েছেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের আফরোজা খানম রিতা। স্বাধীনতার পর এই আসনে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।