প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৮ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৫ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর নির্বাচিত সরকার দায়িত্বে এলো। আর তিন দশক পর বাংলাদেশ নতুন একজন রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী হিসেবে পেল।
বঙ্গভবনে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের যে রেওয়াজ এতো ছিল, তা ভেঙে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা পরিসরে এবার সেই অনুষ্ঠান হলো।
নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে প্রথমে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন ও গোপনীয়তার শপথ নেন।
শপথ নেওয়ার পর নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। এরপর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পর্যায়ক্রমে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।