বাসস
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৪ পিএম
সেন্টমার্টিন গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি: কোস্টগার্ডের সৌজন্যে
সেন্টমার্টিন সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “সোমবার একটি ফিশিং বোট সেন্টমার্টিন থেকে ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে জরুরি সেবা ১৬১১১ এর মাধ্যমে কোস্ট গার্ড বিষয়টি অবগত হয় হয়ে তাৎক্ষণিকভাবে একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে।
“অভিযানে ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়”।
ওই জেলেদের উদ্ধারের পর প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা দিয়ে বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে”।