আসাদুজ্জামান সম্রাট
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪২ পিএম
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন ও একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
তাদের দু’জনের ডাক নাম সুমন। একজন জাকারিয়া তাহের সুমন। অন্যজন আহমেদ সোহেল মঞ্জুর সুমন, যিনি সুমন মঞ্জুর নামেই বেশি পরিচিত।
দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার সদস্য তারা। দু’জনকেই দেওয়া হয়েছে একই মন্ত্রণালয়।
জাকারিয়া তাহের সুমন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং আহমেদ সোহেল মঞ্জুর সুমন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।
দু’জনের মধ্যে অদ্ভুত আরেকটি মিল রয়েছে, তারা উভয়েই তারেক রহমানের মতো উত্তরাধিকার রাজনীতির উজ্জ্বল মুখ।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের বাবা এ কে এম আবু তাহের বিএনপির মনোনয়নে কুমিল্লা-৭ আসন থেকে বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি দেশের একজন শীর্ষস্থানীয় শিল্পপতি ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম বেসকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন। জাকারিয়া তাহের সুমন একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
জাকারিয়া তাহের সুমন জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য। তার পিতা এ কে এম আবু তাহের ২০০৪ সালে মৃত্যুবরণ করলে ওই আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।
এবার জাকারিয়া তাহের সুমন কুমিল্লা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৮ সালের অক্টোবরে গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের কার্যালয় হিসাবে ব্যবহারের জন্য একটি অফিস করে দিয়েছিলেন, যা এখনও ব্যবহৃত হয়ে আসছে।
আহমেদ সোহেল মঞ্জুরও রাজনীতির দ্বিতীয় প্রজন্মের সদস্য। তার বাবা নূরুল ইসলাম মঞ্জুর ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি মঞ্জুর ১৯৭৩ সালে বাকেরগঞ্জ-৮ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেশের প্রথম সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি শেখ মুজিবুর রহমানের চতুর্থ মন্ত্রিসভায় যোগাযোগ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
নূরুল ইসলাম মঞ্জুর ৭৫-এর ১৫ আগস্টের পর গঠিত মন্ত্রিসভায় রেলপথ ও যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে যোগ দিয়েছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন এবং ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ২০০১ সালে অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছিলেন।
আহমেদ সোহেল মঞ্জুরও একজন ব্যাবসায়ী। তিনি পোশাক খাতের সঙ্গে জড়িত রয়েছেন। এবারের নির্বাচনে তিনি দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদীকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
তারেক রহমানের মন্ত্রিসভায় আহমেদ সোহেল মঞ্জুর প্রতিমন্ত্রী হিসেবে মঙ্গলবার বিকাল শপথ নিয়েছেন। এর আগে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি সন্ত্রাসী ও চাঁদাবাজি ও দলে ঠাঁই না দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, “আমার নাম ভাঙিয়ে কেউ কোনো কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না।”