প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪০ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪২ পিএম
নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি। ফাইল ফটো
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক ) ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. নাসিমুল গনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁকে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে"।

ড. নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতায় তিনি সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা, নিরাপত্তা সমন্বয় এবং নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
মন্ত্রিপরিষদ সচিব হিসেবে তিনি সরকারের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় সমন্বয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন, আন্তঃমন্ত্রণালয় কার্যক্রম তদারকি এবং প্রশাসনিক কাঠামোর সার্বিক সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। প্রশাসনের শীর্ষ এই পদে তাঁর নিয়োগকে সরকারের নীতিগত ধারাবাহিকতা ও প্রশাসনিক দক্ষতা জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, সাম্প্রতিক প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে এ পদায়ন করা হয়েছে। তবে এ বিষয়ে সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার শপথ নেওয়ার দিন তিনি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে আসেন। প্রচলিত রেওয়াজ অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিবই মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিসিএস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা ড. শেখ আব্দুর রশিদের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৪ সালের ৮ অক্টোবর তাঁকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল এবং চলতি বছরের ৭ অক্টোবর তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দীন মিয়াকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।
কর্মজীবনের সংক্ষিপ্ত পরিচিতি
নাসিমুল গনি ২০২৪ সালের ২৩ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে যোগ দেন। বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের ১৪২ জনের মেধা তালিকায় তার অবস্থান ছিল ষষ্ঠ।
তিনি ১৯৮৩ সালে রাঙ্গামাটি পার্বত্য জেলায় সহকারী কমিশনার হিসেবে চাকরিজীবন শুরু করেন। পরবর্তী সময়ে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সহকারী পরিচালক, উপপরিচালক ও যুগ্মপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পরে ভূমি ও শিক্ষা মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৫ সালে তিনি বাংলাদেশ দূতাবাস, বাগদাদে প্রথম সচিব (শ্রম) হিসেবে নিয়োগ পান। দেশে ফিরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ভোলা ও চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে জামালপুরের জেলা প্রশাসক ছিলেন তিনি। পরবর্তীতে স্পিকারের একান্ত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভের পর রাষ্ট্রপতির একান্ত সচিব এবং পরে নিপোর্টের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ২০১৩ সালে অবসর গ্রহণের পর ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে চুক্তিভিত্তিকভাবে রাষ্ট্রপতির কার্যালয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দেয়।
শিক্ষাজীবনে তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ১৯৭৩ সালে এসএসসি এবং ১৯৭৫ সালে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৮০ সালে অনার্স ও ১৯৮১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।