প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৫ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৩ পিএম
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ফটো
বিএনপির অভিপ্রায়ের ভিত্তিতেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে রবিবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
দক্ষিণ প্লাজায় শপথ আয়োজনের তাৎপর্য তুলে ধরে উপদেষ্টা বলেন, “দক্ষিণ প্লাজায় শপথের বিষয়ে বিএনপিই অভিপ্রায় ব্যক্ত করেছিল। আমার ধারণা এই সংসদটা একটু ভিন্ন। ছাত্র-জনতার আত্নত্যাগ এবং এই গণঅভ্যুথান অনেক ত্যাগ, কষ্ট ও বেদনার বিনিময়ে এই সংসদ পেয়েছি।
“এসব কারনে সংসদটি অন্য সব সংসদের চেয়ে ভিন্ন। এই সংসদ প্রাঙ্গনে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এখানে জুলাই সনদ ঘিরে যে অনুষ্ঠান সেটাও এখানে আয়োজন করা হয়েছে। সুতরাং, সংসদের দক্ষিণ প্লাজাটি বিভিন্ন কারণে আমাদের কাছে স্মরণীয়। এ সংসদের পাশেই বেগম খালেদা জিয়া এবং সবার প্রিয় আমাদের ওসমান হাদির জানাজা হয়েছিল”, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “এটা বিভিন্ন ধরনের তাৎপর্যপূর্ণ। জুলাই গণঅভুর্ত্থানের যে ডকুমেন্টেশন সেটা প্রকাশের একটি জায়গা হিসেবেও দাঁড়িয়েছে”।
কে শপথ পাঠ করাবেন সাংবাদিকের এমন প্রশ্নে জবাবে উপদেষ্টা বলেন, “মঙ্গলবার সকাল দশটায় সংসদ সদস্যদের শপথ হবে। আমি ধারনা করছি খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার এই শপথ দিবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে শপথের পরেই তাদের সংসদীয় দলের প্রধানকে নির্বাচিত করবেন। এছাড়া বিকাল চারটায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ হবে। আমার জানামতে এটা রাষ্ট্রপতি করবে”।
কারা আমন্ত্রিত হবেন এমন প্রশ্নে জবাবে ড. আসিফ নজরুল বলেন, “কারা আমন্ত্রিত হবেন এই বিষয় সেই বিষয় মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত নিবেন। আমার জানামতে এখন পর্যন্ত সার্কভুক্ত দেশগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে। সেখানের মন্ত্রীদের দাওয়াত দেওয়া হয়েছে”।