সিনিয়র সচিবের সঙ্গে বাসার বৈঠক
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০২ পিএম
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (বাসা) নতুন কমিটি। এসময় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে ‘ফ্যাসিবাদী ও দলীয়পন্থী’ কর্মকর্তাদের অপসারণ, বঞ্চিত কর্মকর্তাদের পদায়ন ও পদোন্নতির (রিভিউ) দাবি জানিয়েছেন তারা।
মন্ত্রণালয়ের কার্যালয়ে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের নেতাদের দাবি, বিগত সরকারের সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে যেসব কর্মকর্তা নিয়োগ পেয়েছেন, তাঁদের মধ্যে অনেকে দলীয় বিবেচনায় পদায়িত হয়েছেন। এসব কর্মকর্তাকে অপসারণ করে যোগ্য ও বঞ্চিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা।
বৈঠকে সংগঠনের সহসভাপতি ও শিল্প সচিব মো. ওবায়দুর রহমান এবং মহাসচিব ও অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়ার নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন কর্মকর্তা অংশ নেন। তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হকের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
নেতারা বলেন, প্রশাসনে দীর্ঘদিন ধরে পদোন্নতি ও পদায়নে বৈষম্য চলছে। যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি পুনর্বিবেচনা (রিভিউ) করতে হবে। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনরত ‘ফ্যাসিবাদী’ হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের সরিয়ে দিয়ে প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার দাবি জানান তাঁরা।
বৈঠকে আরও উল্লেখ করা হয়, বিতর্কিত কর্মকর্তাদের কেউ যেন আসন্ন শপথ অনুষ্ঠানে অংশ নিতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
এ বিষয়ে সিনিয়র সচিব মো. এহসানুল হকের বক্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, কর্মকর্তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের ভেতরে চলমান এই দাবি-দাওয়ার প্রেক্ষাপটে সরকারি দপ্তরগুলোতে পদায়ন ও পদোন্নতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহল বলছে, প্রশাসনে স্থিতিশীলতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হলে অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রাতিষ্ঠানিক সমাধান প্রয়োজন।