× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নয়া এমপিদের বরণে প্রস্তুত হচ্ছে সরকারি আবাসন

রাহাত হুসাইন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৪ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৬ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য পরিচ্ছন্ন ও নিরাপদ আবাসন নিশ্চিতে তোড়জোড় শুরু করে জাতীয় সংসদ সচিবালয় ও গণপূর্ত অধিদপ্তর। ভোটের পর এখন তাদের ব্যস্ততা আরও বেড়েছে। সংসদ সদস্যদের শপথগ্রহণের জোর প্রস্তুতি ছাড়াও সংসদ ভবনে চলছে ধোয়ামোছার কাজ। নতুন সংসদ সদস্যদের পরিচয়পত্র প্রদানের জন্যও প্রস্তুতি রয়েছে। সংসদ সচিবালয় ইতোমধ্যে সংসদ সদস্যদের পরিচয়পত্র প্রদান ও রেজিস্ট্রেশনের জন্য বুথ স্থাপন করেছে। গ্রহণ করা হয়েছে শপথ উপলক্ষে সংসদ ভবনের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

সরেজমিন দেখা যায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের আবাসন নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউর সংসদ সদস্য ভবন (ন্যাম), সংসদ সদস্য হোস্টেল কমপ্লেক্স এবং নাখালপাড়ায় এমপিদের জন্য বরাদ্দ ফ্ল্যাটগুলো প্রস্তুতের কাজে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সিভিল সংস্কার, কারিগরি মেরামত ও বিশেষ ‘হাইজিন ড্রাইভ’। ন্যাম ভবনের দেয়ালে পড়ছে নতুন রঙের পোচ। কোথাও হাতুড়ির ঠুকঠাক শব্দ, কোথাও আবার পুরনো আসবাব ঘষে-মেজে তকতকে করার ব্যস্ততা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ‘এটি শুধু রঙচঙে সৌন্দর্যের কাজ নয়; বরং সংসদ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে একটি সমন্বিত প্রস্তুতি।’

মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অবস্থিত ছয়টি ন্যাম ভবনের মোট ২১৬টি ফ্ল্যাট নবনির্বাচিত সংসদ সদস্যদের বরাদ্দের লক্ষ্যে চূড়ান্তভাবে প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি এমপি হোস্টেল, লাউঞ্জ, ডাইনিং ব্লক এবং অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত কক্ষগুলোর পরিচ্ছন্নতা, শোভাবর্ধন ও প্রয়োজনীয় মেরামতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে ছিল ন্যাম ভবনের ফ্ল্যাটগুলো। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এসব বাসা আর ব্যবহার হয়নি। ফলে জমে থাকা ধুলো, দাগ ও ক্ষতচিহ্ন দূর করতে চলছে ব্যাপক সংস্কার। বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি ইউনিটে চালানো হচ্ছে ‘ডিপ ক্লিনিং’। বাথরুমের কল, স্যানিটারি লাইন ও পানির সংযোগে অকেজো যন্ত্রাংশ সরিয়ে বসানো হচ্ছে নতুন ফিটিংস। বৈদ্যুতিক সংযোগ, আলোকসজ্জা, সুইচ, ফ্যানসহ সব ধরনের ইলেকট্রিক্যাল ফিটিংস নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে।

এ প্রসঙ্গে গণপূর্ত অধিদপ্তরের শেরেবাংলা নগর বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নতুন এমপিদের আবাসন বরাদ্দের ক্ষেত্রে মূলত পরিষ্কার-পরিচ্ছন্নতা (হাইজিন) ও রঙের কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সিভিল, স্যানিটারি ও ইলেকট্রিক্যাল ফিটিংস-সংক্রান্ত কোনো ত্রুটি থাকলে তা প্রয়োজন অনুযায়ী প্রতিস্থাপন করা হচ্ছে। চলতি অর্থবছরে সংসদ ভবন, এমপি হোস্টেল ও ন্যাম ভবন সংস্কারকাজের জন্য সাড়ে ২৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে ঢাকায় নিজের ফ্ল্যাট বা বাড়ি নেইÑ এমন এমপিদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও অতীতে ঢাকায় ফ্ল্যাট বা বাড়ি থাকা অনেক এমপিও ন্যাম ভবনের ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি নাখালপাড়ায় এমপিদের জন্য ৪৯টি ফ্ল্যাটেও চলছে শেষ মুহূর্তের সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। এসব ফ্ল্যাটে ওয়াশরুমের ফিটিংস ঠিক করা, কিচেন ক্যাবিনেট সংস্কার, গেটের লক পরিবর্তন, কমোড বদলানোর পাশাপাশি পুরনো ও অকার্যকর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) অপসারণ করে নতুন এসি স্থাপন করা হচ্ছে।

এ প্রসঙ্গে গণপূর্ত অধিদপ্তরের ঢাকা ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুস সত্তার গত সপ্তাহে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমার ডিভিশনের আওতাধীন এমপিদের থাকার ফ্ল্যাটগুলো প্রস্তুত করা হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, রঙ করা, ফিটিং ঠিক করা, পানির লাইন সংস্কারসহ প্রয়োজনীয় সব মেরামতের কাজ চলছে। সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে এসব সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।’ 

তবে ন্যাম ভবনের কিছু কাঠামোগত সংস্কারকাজ এখনও চলমান থাকায় সব ইউনিট পুরোপুরি প্রস্তুত হতে আরও দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। এই সময়ের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরা অস্থায়ীভাবে সংসদ হোস্টেল ও সংশ্লিষ্ট ব্লকগুলো ব্যবহার করবেন। সেই হোস্টেল ও ব্লকগুলোর লাউঞ্জ থেকে ডাইনিংÑ সবখানেই এখন ঘষা-মাজার ধুম বইছে।

এদিকে রাজধানীর বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোড এলাকায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য বরাদ্দ সরকারি বাসভবনগুলোর সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ এখনও শুরু হয়নি। গণপূর্ত অধিদপ্তর সূত্র জানায়, প্রাথমিকভাবে এসব এলাকায় ২৭টি বাংলো ও অ্যাপার্টমেন্ট বরাদ্দ রাখা হয়েছে। অতি শিগগির এসব বাসভবনে স্বাস্থ্যবিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা (হাইজিন ওয়াশ) ও প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

সার্বিক বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতিতে সংসদ ভবন ও ন্যাম ভবনগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে একটি পূর্ণাঙ্গ নথিপত্র তৈরি করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যেখানে মেরামত প্রয়োজন, সেখানে তা করা হচ্ছে; আবার কোথাও নতুন কিছু লাগলে তা প্রতিস্থাপন করা হচ্ছে। ভালো অংশগুলো অপরিবর্তিত রাখা হবে।’ তিনি আরও বলেন, ‘নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীরা যেন পূর্ণ স্বাচ্ছন্দ্যের সঙ্গে অফিস ও বসবাস করতে পারেনÑ সেই প্রস্তুতিই নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা