প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৩ পিএম
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। ফাইল ফটো
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তার জায়গায় চুক্তিভিত্তিক নতুন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন এম সিরাজ উদ্দিন মিয়া।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা ও ঊর্ধ্বতন নিয়োগ ১ শাখা থেকে শনিবার দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, “২০২৪ সালের ৮ই অক্টোবর যে প্রজ্ঞাপনে শেখ আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল, তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ এখন বাতিল করা হলো”।
অন্যদিকে ঊর্ধ্বতন নিয়োগ ১ শাখা থেকে জারি করা আরেক প্রজ্ঞাপনে এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের কথা বলা হয়েছে।
এর আগে অবসরে যাওয়া ড. শেখ আব্দুর রশিদকে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। পরে তাকে ওই বছরের ৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।