প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৬ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৯ পিএম
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুক্রবার বেলা ১১টায় আনুষ্ঠানিক ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটার উপস্থিতিকে জাতির বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করেছে—গণতন্ত্রের পথে দেশ এগিয়ে যাচ্ছে।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুক্রবার বেলা ১১টায় আনুষ্ঠানিক ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, “জাতির কাছে আমাদের একটাই প্রতিজ্ঞা ছিল—একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সে লক্ষ্য পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।”
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই বিশাল আয়োজনের অংশ হয়েছেন, যা জাতি হিসেবে আমাদের চূড়ান্ত বিজয়ের প্রমাণ।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশন এ দায়িত্বকে শুধু সাংবিধানিক কর্তব্য হিসেবে নয়, বরং একটি ‘পবিত্র আমানত’ হিসেবে গ্রহণ করেছিল।
নির্বাচনকে ঘিরে যেসব শঙ্কা ও অশনি সংকেত ছিল, বিপুল ভোটার উপস্থিতির মধ্য দিয়ে সেসব সংশয় দূর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের গণতন্ত্র যেন কখনও তার নির্দিষ্ট পথ থেকে বিচ্যুত না হয়—এ কামনা করে সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচন ভবিষ্যতে আরও উন্নত ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আদর্শ হিসেবে বিবেচিত হবে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব ড আখতার আহমেদসহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।