প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৯ এএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজনের নির্দেশ দিয়েছেন তবে বিজয় মিছিল-সমাবেশ থেকে বিরত থাকতে বলেছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে থাকা বিএনপি নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজনের নির্দেশ দিয়েছেন এবং বিজয় মিছিল-সমাবেশ থেকে বিরত থাকতে বলেছেন।
নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে দলটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা অর্জনের পথে রয়েছে।
এ পরিস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালনের নির্দেশ দেন। তার প্রেস সচিব সালেহ শিবলীর বরাতে বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানায়।
নির্দেশনায় বলা হয়েছে, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের অংশ হিসেবে দেশের সব এলাকায় দোয়া আয়োজন করতে হবে। তবে কোথাও যেন বিজয় মিছিল, শোভাযাত্রা বা জনসমাবেশ না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
২৯৯টি আসনের মধ্যে ২৩৪টির বেসরকারি ফলাফল ঘোষণার পর দেখা গেছে, ১৭৬টি আসনে জয় পেয়ে সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি। এছাড়া দলটির নেতৃত্বাধীন জোটের প্রার্থীরাও উল্লেখযোগ্য সংখ্যক আসনে বিজয় নিশ্চিত করেছেন।