ইউএনবি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৪ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: ইউএনবি
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আমি এই নির্বাচনকে পারফেক্ট (নিখুঁত) বলব না। তবে অতীতের তুলনায় যেকোনো মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে।
ভোটের ফলাফল ঘোষণার মঞ্চে বসে বৃহস্পতিবার রাতে তিনি এ কথা বলেন।
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, “নির্বাচনে কিছু সীমাবদ্ধতা থাকবেই। ১৮ কোটি ভোটারের দেশ। আপনাদের সহযোগিতা না হলে এই সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না। সবার কাছে কৃতজ্ঞ। অনেক দেশে সাড়ে ১৭ লাখ লোকও নেই। অথচ এই পরিমাণ লোক নির্বাচন আয়োজনে কাজ করেছে”।
তিনি বলেন, “ভোট গুনতে একটু সময় লাগছে। আমরা অত্যন্ত স্বচ্ছ থাকতে চাই। লুকোচুরিতে বিশ্বাস করি না।
“আমাদের কষ্ট, চেষ্টা সার্থক হয়েছে। নির্বাচনের ইতিহাসে যেকোনো মানদণ্ডে ভালো নির্বাচন। নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছি’ বলেন তিনি।
তিনি আরও বলেন, “আমাদের ফলাফলেও স্বচ্ছতা রাখতে চাই। এটা সম্পূর্ণ হিসাবের ব্যাপার। রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষর করে যে ফলাফল দিবে সেটাই আমরা দেব। কোনো আনঅফিশিয়াল ফলাফল দেব না”।