প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৭ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৯ পিএম
ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার পাঁচটি আসনের ভোটের ফলাফল কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে। আসনগুলো হলো- ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-১৯ এবং ঢাকা-২০।
ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রেজাউল করিম বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসক জানান, ঢাকার পাঁচটি জেলার ফলাফল কেন্দ্র থেকে আমাদের কাছে আসার পরেই আমরা ঘোষণা করতে পারব। তবে এখনও আসা শুরু করেনি। আশা করছি কিছুক্ষণের মধ্যে আসা শুরু করবে। এমনিতে ফলাফল ঘোষণার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।
ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানা গেছে, ঢাকা-১ আসনে ছয়জন, ঢাকা-২ আসনে তিনজন, ঢাকা-৩ আসনে ৯ জন, ঢাকা-১৯ আসনে আটজন এবং ঢাকা-২০ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে মনোনয়ন বৈধ হলেও তিন আসনে চার প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর মধ্যে ঢাকা-১ আসনে খেলাফত মজলিসের ফরহাদ হোসেন, ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসাইন ও খেলাফত মজলিসের এ কে এম এনামুল হক এবং ঢাকা-২০ আসনে জামায়াতে ইসলামীর মো. আব্দুর রউফ।
ঢাকা-১ আসনে বিএনপির খন্দকার আবু আশফাক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির শেখ মোহাম্মদ আলী, ইসলামী আন্দোলন প্রার্থী নূরুল ইসলাম ও স্বতন্ত্র অন্তরা সেলিম হুদা প্রতিদ্বন্দ্বীতা করছেন।
ঢাকা-২ আসন বিএনপির আমানউল্লাহ আমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম ও জামায়াতে ইসলামীর কর্নেল (অব.) আব্দুল হক নির্বাচনে লড়ছেন।
ঢাকা-৩ আসনে বিএনপি মনোনীত গয়েশ্বর চন্দ্র রায়, জামায়াতে ইসলামী মনোনীত মো. শাহীনুর ইসলাম, গণ অধিকার পরিষদের মো. সাজ্জাদ, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ জাফর, গণ সংহতি আন্দোলনের মো. বাচ্চু ভূইয়া, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. সুলতান আহমদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মজিবুর হাওলাদার, গণফোরামের মুহাম্মদ রওশন ইয়াজদানী ও জাতীয় পার্টির মো. ফারুক নির্বাচনে লড়াই করছেন।
ঢাকা-১৯ আসনে বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, জাতীয় পার্টির মো. বাহাদুর ইসলাম, এনসিপির দিলশানা পারুল, গণ অধিকারের শেখ শওকত হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল ইসলাম সাভারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ফারুখ খান, এনডিপির চৌধুরী হাসান সোরোয়ার্দী ও বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুল প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এছাড়া ঢাকা-২০ আসনে বিএনপির প্রার্থী মো. তমিজ উদ্দিন, জাতীয় পার্টির আহসান খান, এনসিপির নাবিলা তাসনিম, খেলাফত মজলিশের আশরাফ আলী, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আরজু মিয়া ও এবি পার্টির হেলাল উদ্দিন আহাম্মদ নির্বাচনে লড়ছেন।