প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩২ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৭ পিএম
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিজ্ঞান ভবনে ভোট দেওয়ার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: ভিডিও থেকে
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিজ্ঞান ভবনে ভোট দেওয়ার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, “এই দিনটার অপেক্ষায় ছিলাম, একটা সুষ্ঠু নির্বাচন—আজকে আলহামদুলিল্লাহ সেই নির্বাচন হতে যাচ্ছে।
“সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে।”
ভোটারদের ভোট দিতে অনুরোধ জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশের কোথায় কী হচ্ছে। আমার কাছে যে খবর সেটা হচ্ছে যে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে।
“আমি সবাইকে অনুরোধ করব, সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।”
এসময় গণমাধ্যমকর্মীদের কাজের প্রশংসা করে তিনি বলেন, “যারা ভোট দিতে পারছেন না, আপনারা মিডিয়ার লোকজন, আপনারা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন।
“সারা দেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন, জনগণ আশ্বস্ত হচ্ছে এবং তারা এই ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছে।”