ডয়েচে ভেলেকে ডা. শফিক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৪ এএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
যেকোনো মূল্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হতে হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে জয়ী হতে পারলে সবাইকে ইনক্লুড করে একটি ইনক্লুসিভ সরকার গঠন করবে জামায়াত। ডয়েচে ভেলেকে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, চারটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তাই এবার নির্বাচন সুষ্ঠু করা ছাড়া কোনো উপায় নেই। আমরা আশা করব নির্বাচন কমিশন তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে।
তিনি বলেন, আমরা বিজয়ী হলে সবাইকে ইনকুল্ড করে ইনক্লুসিভ সরকার গঠন করতে চাই। কেউ যদি না আসে তাহলে তো কিছু করার নেই। সংসদে তো বিরোধী দল লাগবে। কেউ না কেউ থাকবে।
নারী বিদ্বেষী হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, আমি এটাকে সমস্যা দেখি না। আমি নারীদের জন্য লড়াই করে যাচ্ছি। তাদের সম্মান বৃদ্ধির জন্য। আমাকে নারী বিদ্বেষী বললে আমার প্রতি অবিচার করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এই দেশে সুশাসন চাচ্ছি। এই দেশে আমরা কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজ, দখলবাজ রাখব না। একটি ক্লিন বাংলাদেশ চাই।
একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতে অপচেষ্টায় লিপ্ত : জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ করেন তিনি। গতকাল বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। ওই পোস্টে অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এ কথা জানান। এ ঘটনার পর জামায়াত আমির শফিকুর রহমান এই পোস্ট দিয়েছেন।
চীন ও জাপানের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক : জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে চীন ও জাপানের নির্বাচন পর্যবেক্ষক দল। গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় আলাদাভাবে দুটি দলের বৈঠক হয়।
জামায়াতের প্রচার বিভাগ বলছে, চার সদস্যের চীনা প্রতিনিধিদলে নেতৃত্ব দেন চেন ওয়েই। দলটি বাংলাদেশের ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবে। চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় জামায়াতের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফ উদ্দিন খালেদ ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
এর আগে জামায়াত আমিরের বাসায় বৈঠক করে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি দল। ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ও জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনপ্রধান মাসাতো ওয়াতানাবে বৈঠকে উপস্থিত ছিলেন। জামায়াত বলছে, জাপানের এই মিশনের লক্ষ্য বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহযোগিতা করা।