বাসস
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২১ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৮ পিএম
নির্বাচন কমিশন ভবন। ছবি: বাসস
আগামীকাল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন চার ধাপে প্রদত্ত ভোটের সংখ্যা ও শতকরা হার পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন ভোটগ্রহণ চলাকালীন ভোটকেন্দ্র থেকে নির্দিষ্ট সময় অন্তর সারাদিনে মোট চারবার সকাল ১০টা, দুপুর ১২টা, দুপুর ২টা এবং সর্বশেষ ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে পাওয়া প্রদত্ত ভোটের সংখ্যা (শতকরা হার) প্রতিটি আসন হতে সংগ্রহ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
চিঠিতে বলা হয়, প্রতিটি কেন্দ্র অনুযায়ী প্রদত্ত ভোটের সংখ্যা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার তত্ত্বাবধানে ডাটা এন্ট্রি অপারেটর তার আরএমএস ইউজারের মাধ্যমে লগইন করে কেন্দ্র অনুযায়ী প্রদত্ত ভোটের সংখ্যা এন্ট্রি করতে হবে। রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার কপোত ড্যাশবোর্ডের মাধ্যমে এই তথ্য মনিটর করতে পারবে। এখানে উল্লেখ্য যে, নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও এই পরিসংখ্যান পর্যবেক্ষণ করা হবে। তাই প্রদত্ত ভোটের তথ্য সঠিক সময়ে এবং শুদ্ধভাবে এন্ট্রি করা আবশ্যক।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রদত্ত ভোটের সংখ্যা সকাল ১০টা, দুপুর ১২টা, দুপুর ২টা এবং সর্বশেষ ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার থেকে সংগ্রহ করে এন্ট্রি করতে হবে। প্রতিবার তথ্য নেয়ার সময় খেয়াল রাখতে হবে এই সংখ্যা যাতে ভোটগ্রহণ শুরু থেকে রিপোর্টিং সময় পর্যন্ত ব্যালটের মুড়ি গণনা করে নেয়া হয়।