বিবিসি বাংলা
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৪ পিএম
সংবাদ সম্মেলনে কথা বলছেন টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ছবি: বিবিসি বাংলা
বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থানের আরও এক ধাপ অবনতি হয়েছে। ২০২৫ সালের ‘দুর্নীতির ধারণা সূচক’ (সিপিআই) অনুযায়ী, নিম্নক্রম অনুসারে বাংলাদেশ এখন বিশ্বের ১৩তম দুর্নীতিগ্রস্ত দেশ। গত বছর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম। অর্থাৎ, বৈশ্বিক প্রেক্ষাপটে দুর্নীতির দিক থেকে বাংলাদেশের পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
ঢাকার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করে। বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) বিশ্বজুড়ে এই সূচক তৈরি করেছে। সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি তুলে ধরেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সূচকটি তৈরি করা হয়েছে ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে।
বিশ্বের ১৮২টি দেশের মধ্যে ১০০-তে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১৩তম এবং উচ্চক্রম অনুযায়ী অবস্থান ১৫০তম বলে জানিয়েছে টিআইবি।
টিআইবি মনে করছে, এ বছর বাংলাদেশের এক পয়েন্ট স্কোর বৃদ্ধির পেছনে জুলাই অভ্যুত্থানের ফলশ্রুতিতে সূচিত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসন অর্জনে অব্যবহিত ইতিবাচক সম্ভাবনার প্রভাব কাজ করেছে। তবে রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ার অগ্রগতি না হওয়ায় আদতে বাংলাদেশের স্কোর ও অবস্থানের খুব একটা পরিবর্তন হয়নি।
প্রতিবেদন প্রকাশের সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। আগের রাজনৈতিক সরকারের মতো এই অন্তর্বর্তী সরকারেরও ব্যর্থতা আছে, তবে এর পেছনে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ও আমলাতন্ত্রের দলীয়করণ লক্ষ্য করা যাচ্ছে।
“এতটুকু সময়ে রাষ্ট্র সংস্কার করে ফেলবে, সরকারের কাছে এমন প্রত্যাশা ছিল না। কিন্তু ফাউন্ডেশন স্থাপন করবে, এই প্রত্যাশা ছিল। সেখানে অন্তর্বর্তী সরকার বযর্থতার পরিচয় দিয়েছে। তাদের ব্যর্থতার সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক দল ও পুরনো নিয়মে আমলাতন্ত্রের দলীয়করণ”।
এ বছর ৮৯ স্কোর নিয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে ডেনমার্ক।
আর ৯ স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে সাউথ সুদান ও সোমালিয়া।
বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের স্কোর ৩৯। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মাঝে আফগানিস্তানের স্কোর ১৬, পাকিস্তানের স্কোর ২৮, শ্রীলঙ্কার ৩৫, নেপালের ৩৪। এ অঞ্চলের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান। ১০০-এর মধ্যে ৭১ স্কোর নিয়ে তাদের অবস্থান ১৮তম।