গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৭ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২ পিএম
বাস না পেয়ে ট্রাকে করেই বাড়ি যাচ্ছেন মানুষজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নিার্বচনের ছুটিকে ঘিরে গাজীপুরে সৃষ্টি হয়েছে ঈদের মতো ঘরমুখো মানুষের ঢল। হাতে ব্যাগ, মাথায় বস্তা—পরিবার-পরিজন নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায় হাজারো কর্মজীবী মানুষ। একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ যাত্রা শুরু করায় গাজীপুরের ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা থেকেই মহাসড়কগুলোতে দেখা গেছে এমন চিত্র।
একসঙ্গে চার দিনের ছুটি ঘোষণার পর গাজীপুরের প্রায় সব পোশাক কারখানার শ্রমিক বাড়ি যাচ্ছেন। এতে চন্দ্রা ও আশপাশের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। একই অবস্থা ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশেও।
শ্রমিকরা জানান, ভোট দেওয়ার উদ্দেশ্যেই তারা গ্রামের বাড়িতে যাচ্ছেন। তবে সোমবার সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় যানবাহন পাওয়া যাচ্ছে না। ফলে অনেকেই বাধ্য হয়ে ট্রাক ও পিকআপে করে যাত্রা করছেন। রাত ৯টার পর থেকে যানবাহনের চাপ আরও বেড়ে যানজট প্রকট আকার ধারণ করে।
গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি গার্মেন্টসে কর্মরত মাহবুব আলম বলেন, “ভোটের জন্য চার দিন ছুটি দিয়েছে। বহুদিন পর ভোট দেব, তাই কষ্ট হলেও বাড়ি যাব। কিন্তু গাড়ি পাওয়া খুবই কঠিন হয়ে গেছে”।
মহাসড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানায়, “গাজীপুরের চন্দ্রা দিয়ে উত্তরবঙ্গগামী শিল্পকারখানার শ্রমিকদের যাতায়াত বেশি হওয়ায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ওই এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শ্রমিকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে”।
কাওছার হোসেন নামের আরেকজন বলেন, “গাজীপুরের প্রায় সব কারখানাই ছুটি দিয়েছে। ভোটের ছুটি চার দিন, তাই ভোটও দেওয়া হবে, গ্রামেও সময় কাটানো যাবে। ঈদের মতোই আনন্দ লাগছে”।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, “ভোট উপলক্ষে শিল্পকারখানায় টানা ছুটি থাকায় মহাসড়কে মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। এর ফলে কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে”।