× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এখন কেবল ভোটের অপেক্ষা

দীপক দেব

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৫ এএম

নির্বাচনি প্রচারের শেষ দিনে সোমবার দল-জোট-প্রার্থীদের বর্ণিল জনসংযোগ কর্মসূচির ফলে রাজধানী সেজেছিল উৎসবের সাজে। গভীর রাত অবধি চলে সেই প্রচার অভিযান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নির্বাচনি প্রচারের শেষ দিনে সোমবার দল-জোট-প্রার্থীদের বর্ণিল জনসংযোগ কর্মসূচির ফলে রাজধানী সেজেছিল উৎসবের সাজে। গভীর রাত অবধি চলে সেই প্রচার অভিযান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারের সময় শেষ হয়েছে; আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর থেকে কোনো রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনি প্রচার চালাতে পারছেন না। এছাড়া আজ রাত ১২টার পর থেকে যানবাহন চলাচলেও পালন করতে হবে বিশেষ নির্দেশনা। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নির্বাচনি এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে কোনো অপরাধ সংঘটিত হলে তার দ্রুত বিচার নিশ্চিত করতে আজ থেকে ৬৫৫ জন বিচারককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্বও দেওয়া হয়েছে। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবেন। সব মিলিয়ে নির্বাচন ও গণভোটের প্রচারাভিযান শেষে এখন ভোটের অপেক্ষায় পুরো দেশ। 

বিশ্লেষকদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার রাজনৈতিক দল, প্রার্থী ও সাধারণ ভোটারদের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়েরও বিশেষ আগ্রহ রয়েছে চলতি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। এই নির্বাচন ও গণভোট সামনে রেখে এবার সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষকের উপস্থিত থাকার কথা। যাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২০০ পর্যবেক্ষক আজ থেকেই মাঠে নামছেন। একটা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ঘটবেÑ এমনটাই প্রত্যাশা করছে কূটনৈতিক মহল। 

কমিশন সূত্র জানাচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ হবে। সম্প্রতি জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই একটি আসনে নির্বাচন হচ্ছে না। নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। তবে জুলাই আন্দোলন দমাতে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না। তাদের শরিক হিসেবে ১৪-দলীয় জোটের দলগুলোও নেই এই নির্বাচনে। এবারের নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ৩৪ জন। এর মধ্যে স্বতন্ত্র ২৭৫ জন। 

রাত ১২টা থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা : নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি এ বিষয়ে দেওয়া ইসির এক নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত, অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচল করতে পারবে না। সেই সঙ্গে আজ রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল : আইনশৃঙ্খলা বাহিনী, সশন্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং জরুরি সেবাকাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সকল ধরনের যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এ ছাড়া আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যেতে, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যেতে ব্যবহৃত যানবাহন (টিকিট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যেকোনো যানবাহন চলাচল করতে পারবে। সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত যানবাহন/মোটরসাইকেল ইসি/রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলতে পারবে। 

দুই ঘণ্টা পরপর ভোট পড়ার হার জানানোর নির্দেশ : সংসদ নির্বাচনে ২ ঘণ্টা পরপর প্রদত্ত ভোটের সংখ্যা রিটার্নিং কর্মকর্তাকে জানাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ নির্দেশনা পাঠিয়েছেন এক্ষেত্রে প্রত্যেক নির্বাচনি এলাকা থেকে সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক নিয়োজিত ডেটা এন্ট্রি অপারেটর EMS (Election Management System)-এ লগইন করে প্রতি কেন্দ্রে দুই ঘণ্টা অন্তর প্রদত্ত ভোটের সংখ্যা এন্ট্রি করবেন।

নির্বাচনি এলাকায় সাড়ে ৮১ ঘণ্টা ‘বহিরাগত অবস্থানে’ নিষেধাজ্ঞা : ভোটগ্রহণ শুরুর সাড়ে ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত মোট সাড়ে ৮১ ঘণ্টা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দা ও অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ওই এলাকায় অবস্থান করতে পারবেন না। গতকাল ইসির সিনিয়র সহকারী সচিব শহিদুল ইসলাম এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নির্দেশনা পাঠিয়েছেন।

দ্রুত বিচারে মাঠে নামছেন ৬৫৫ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট : নির্বাচন ও গণভোটে দেশজুড়ে নানা অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ৬৫৫ জন বিচারককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়েছে সরকার। আজ থেকে তারা বিভিন্ন নির্বাচনি এলাকায় দায়িত্ব শুরু করবেন। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দুই দিন পর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবেন। নির্বাচন কমিশন বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এই ৬৫৫ জন বিচারককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেয়।

কূটনীতিকরাও ভোটের আপেক্ষায় : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে এবার বেশ তৎপর আন্তর্জাতিক সম্প্রদায়। তফসিল ঘোষণার আগে-পরে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদ এবং রাজনৈতিক দলের নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ে নির্বাচনে নানা ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গেও তারা নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত রবিবার জাতীয় নির্বাচনের সময় ‘সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন ও সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে আলোচনা করেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সর্বশেষ গতকাল ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদার) অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেন।

আসছেন সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক : জাতীয় নির্বাচনের স্বচ্ছতা যাচাই করতে প্রায় ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক ঢাকায় আসছেন। অবশ্য ইসির পক্ষ থেকে এরই মধ্যে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মোট ৫৪০ জন বিদেশি অতিথির মধ্যে রয়েছেনÑ ইসির আমন্ত্রণপ্রাপ্ত বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও সংস্থার ৬০ জন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ৩৩০ জন এবং ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যমের ১৫০ জন সংবাদ সংগ্রহকারী। 

কমিশনের আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন ভুটান ও নাইজেরিয়ার সিইসি, মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং দক্ষিণ কোরিয়ার আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। এছাড়া এ তালিকায় রয়েছেÑ তুরস্ক থেকে ছয়জন এমপিসহ ১০ সদস্যের শক্তিশালী পর্যবেক্ষক দল; মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ার প্রতিটি দেশের ৫ সদস্যের প্রতিনিধিদল এবং রাশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, পাকিস্তান ও ইরানসহ বিভিন্ন দেশের নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে সবচেয়ে বড় দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যাদের সংখ্যা ২২৩ জন। এছাড়া কমনওয়েলথ থেকে ২৫ জন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থেকে ২৮ জন এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট থেকে ১২ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন। গণভোট ও সংসদ নির্বাচনের সংবাদ বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে উপস্থিত থাকবেন প্রায় ১৫০ জন বিদেশি সাংবাদিক।

মাঠে নামছেন ইইউর ২০০ পর্যবেক্ষক : এদিকে আজ থেকেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২০০ জন পর্যবেক্ষক মাঠে নামছেন। এটির ২৭ সদস্য রাষ্ট্র, কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ড থেকে আগত মোট ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পূর্ণ প্রস্তুতি নিয়ে ভোটের মাঠে থাকবেন বলে গতকাল জানিয়েছে ইলেকশন অবজারভেশন মিশন বাংলা‌দেশ। নির্বাচনের পর আগামী ১৪ ফেব্রুয়ারি প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস ঢাকায় সংবাদ সম্মেলনে মিশনের প্রাথমিক ফলাফল উপস্থাপন করবেন।

গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে আগ্রহী কূটনীতিকরা : নির্বাচন সামনে রেখে কূটনৈতিক মহলের আগ্রহের অন্যতম কারণÑ তারা একটি স্থিতিশীল বাংলাদেশের প্রত্যাশী। আন্তর্জাতিক সম্প্রদায় তথা কূটনীতিকরা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ব্যবস্থার রূপান্তর প্রত্যাশা করছেন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজেস ইনস্টিটিউটের (বিইআই) সভাপতি এম হুমায়ুর কবীর। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ একটা বৃহৎ ও গুরুত্বপূর্ণ রাষ্ট্র। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনসহ বিভিন্ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে। এটি এগিয়ে নিতে প্রথমেই প্রয়োজন স্থিতিশীলতা। যেটা গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে তাই একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে ধাবিত হতে হবে। এজন্যই তারা এ নির্বাচনকে অনেক গুরুত্ব দিচ্ছেন; যা ইতিবাচকও বটে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা