প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫১ এএম
জামায়াতে ইসলামীর নারীবিদ্বেষী রাজনীতি ও আমিরের ঘৃণামূলক বক্তব্যের প্রতিবাদ অব্যাহত রেখেছে নারী ও মানবাধিকার সংগঠনগুলো। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির ব্যানারে গত রবিবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। একই ব্যানারে ঢাকার বাইরে ৫০টি জেলাতেও একযোগে বিক্ষোভ হয়, যা আয়োজন করে দুর্বার নেটওয়ার্ক ও স্থানীয় অংশীদার সংগঠনগুলো।
জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে নারীপক্ষের সদস্য মনীষা মজুমদার বলেন, জামায়াত আমির শফিকুর রহমান কর্মজীবী নারীদের ‘পতিতা’ ও ‘কামলা’ বলে যে মন্তব্য করেছেন, তা দুই কোটির বেশি কর্মজীবী নারীর প্রতি চরম অবমাননাকর।
অন্যান্য বক্তা অভিযোগ করেন, নির্বাচন সামনে থাকলেও সরকার ও নির্বাচন কমিশন এসব বক্তব্যের বিরুদ্ধে নীরব রয়েছে। তারা নারীবিদ্বেষী বক্তব্যে জড়িত প্রার্থী ও দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং রাজনীতিতে ধর্মের অপব্যবহার বন্ধের দাবি জানান।
প্রতিবাদকারীরা আরও বলেন, জামায়াত কোনো নারী প্রার্থী মনোনয়ন দেয়নি এবং বাস্তবে নারী নেতৃত্বকে বাদ দেওয়ার চর্চা চালু রেখেছে, যদিও তারা অন্তত ৫ শতাংশ নারীকে মনোনয়ন দেওয়ার প্রস্তাবে সম্মত হয়েছিল। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমিরের নারীবিরোধী অবস্থানের কথাও তুলে ধরেন বিভিন্ন বক্তা।
এ ছাড়াও রবিবার ১১ জন নারী ও মানবাধিকার কর্মীর আরেকটি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে, যেখানে মন্তব্য প্রত্যাহার, কর্মজীবী মহিলাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং ইসির আচরণবিধি অনুসারে জামায়াত নেতার প্রার্থিতা বাতিলের দাবি জানানো হয়েছে। তারা বলেন, এমন বক্তব্য নারীদের মর্যাদা, নিরাপত্তা ও সংবিধানস্বীকৃত সমতার পরিপন্থী।
এ ছাড়াও জামায়াত আমিরের নারীবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে গতকাল মধ্যরাতে ছাত্র, কর্মজীবী ও সর্বস্তরের নারীসমাজের অংগ্রহণে শেকল ভাঙার যাত্রা নামক একটি র্যালি মানিক মিয়া এভিনিউ হয়ে শাহবাগ থেকে কলাবাগান গিয়ে শেষ হয়।