প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৬ পিএম
জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ)। জেএনএনপিএফের সৌজন্যে
ঢাকার উত্তরায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ‘জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম’ (জেএনএনপিএফ)। সংগঠনটি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শনিবার ফোরামের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, নির্যাতনের শিকার শিশুটির বাবা গত বছরের জুন মাসে বিমান এমডি শফিকুর রহমানের উত্তরায় ৯ নম্বর সেক্টরের ৭/সি রোডের বাসায় তার মেয়েকে কাজে দেন। সে সময় এমডি ও তার স্ত্রী শিশুটির যাবতীয় খরচ ও ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে গত ৩১ জানুয়ারি শিশুটির বাবা তাকে নিতে আসলে নির্যাতনের বিষয়টি সামনে আসে। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় শিশুটি জানায়, গত ২ নভেম্বর থেকে শফিকুর রহমান, তার স্ত্রী বিথী এবং আরও দুই গৃহকর্মী মিলে তাকে বিভিন্ন সময়ে অকারণে মারধর করত। এমনকি গরম বস্তু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁক দিয়ে তাকে বাথরুমে আটকে রাখা হতো।
জেএনএনপিএফ তাদের বিবৃতিতে উল্লেখ করে, এ ধরনের অমানবিক নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংগঠনটি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতনের শিকার শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫’ যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন এখন সময়ের দাবি। নারী ও শিশুদের প্রতি এমন নিষ্ঠুরতা বন্ধে রাষ্ট্রকে আরও সজাগ হতে হবে। জীবিকার প্রয়োজনে কাজ করতে আসা শিশুদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং মানবিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় সংগঠনটি।