প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৪ পিএম
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)।
সংগঠনটির সভাপতি ও জাতীয় সংসদের সচিব কানিজ মওলা এবং মহাসচিব মো. বাবুল মিয়ার স্বাক্ষরিত শনিবার রাতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের আগস্টে ফ্যাসিবাদী সরকারের পতনের পর গঠিত নির্দলীয় ও নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ।
এতে আরও বলা হয়, দেশের প্রয়োজনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ঐতিহ্যগতভাবেই জাতীয় সংসদ নির্বাচনসহ সব ধরনের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সর্বোচ্চ পেশাগত দক্ষতা, স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা প্রদর্শনের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আত্মনিয়োগ করবেন, এ প্রত্যাশা ব্যক্ত করেছে অ্যাসোসিয়েশন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনকে অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের এ অবিচ্ছিন্ন প্রচেষ্টা জাতির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধির পথ সুগম করবে।
এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য করে তুলতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সব প্রচেষ্টার পাশে সহযোগী হিসেবে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।