অন্তর্বর্তী সরকারের বিবৃতি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৫ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৩ পিএম
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি: কোলাজ (প্রতিদিনের বাংলাদেশ)
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ চলাকালে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে মোট ২৩ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তবে আহতদের কারও শরীরে গুলির আঘাত নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
প্রধান উপদেষ্টার দপ্তরের ফেইসবুক পেইজে শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দেওয়া বিবৃতি এই তথ্য জানানো হয়েছে।
ঢামেকে কর্তব্যরত চিকিৎসকেরা বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়ে বিবৃতিতে বলা হয়, “ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় আহত হয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ সর্বমোট ২৩ জন চিকিৎসা গ্রহণ করেছেন। তবে তাদের কারও শরীরে গুলির আঘাত নেই বলে কর্তব্যরত চিকিৎসকেরা নিশ্চিত করেছেন”।
শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ব্যানারে বৃহস্পতিবার বিকেল থেকে যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়।
যমুনা ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রথমদিকে আইনশৃঙ্খলা বাহিনী কোনো বলপ্রয়োগ করেনি করেনি দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, “জনশৃঙ্খলা রক্ষা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ রয়েছে। এ প্রেক্ষাপটে পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র (lethal weapon) ব্যবহার করা হয়নি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে।
“শুক্রবার বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং একপর্যায়ে জলকামানের ওপর উঠে গেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে এ সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি”, বলা হয়েছে বিবৃতিতে।
এদিকে বিভিন্ন মাধ্যমে বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে সরকার। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার সকলকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে।