প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৬ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৩ পিএম
ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার বিকালে প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সিএ প্রেস উইং
অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ এবং ১১৬টি অধ্যাদেশ জারি করেছে। এর মধ্যে ৪৩৯টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, যা বাস্তবায়নের হার ৮৩.৪৬ শতাংশ।
ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার বিকালে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
শফিকুল আলম জানান, ‘৮ আগস্ট ২০২৪ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ৬৮টি নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকগুলোতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৩৯টি বাস্তবায়িত হয়েছে, যা ৮৩.৪৬ শতাংশ বাস্তবায়নের হার নির্দেশ করে।’
প্রেস সচিব জানান, ‘এই সময়ে মোট ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এর মধ্যে ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে এবং ৩টি নীতিগতভাবে অনুমোদিত। এ ছাড়া, নীতি, নীতিমালা, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত ৩০টি নীতিমূলক দলিল প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে ১৬টি স্বাক্ষরিত বা অনুমোদিত এবং ১৪টি বাস্তবায়নের অধীনে রয়েছে।’
তিনি আরও জানান, ‘এই সময়ে সরকার ১৪টি দ্বিপাক্ষিক চুক্তিতেও প্রবেশ করেছে। এগুলোর বাস্তবায়নের হার আগের সরকারের তুলনায় অনেক বেশি। এগুলো ছোটখাটো পরিবর্তন নয়; বরং অনেকগুলো অধ্যাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার আনে, যা দেশের মানুষের জীবনে যুগান্তকারী প্রভাব ফেলবে।’