× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই হত্যাকাণ্ড

সাবেক সাংসদ সাইফুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৬ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫১ পিএম

জুলাইয়ে সাভারের আশুলিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মধ্যে ছয়জনকে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। গ্রাফিক্স: বাসস

জুলাইয়ে সাভারের আশুলিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মধ্যে ছয়জনকে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। গ্রাফিক্স: বাসস

জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় আন্দোলনকারীদের গুলি করে হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।

একই মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এক আসামি, উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হক রাজসাক্ষী হয়ে অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় তাকে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল–২ বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

হত্যাকাণ্ড ও লাশ পোড়ানোর ঘটনা

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন আশুলিয়া থানার সামনে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায়।

এতে নিহত হন সাজ্জাদ হোসেন (সজল), আস–সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি, আবুল হোসেন, ওমর ফারুক ও মোহাম্মদ শাহাবুল ইসলাম।

অভিযোগ অনুযায়ী, গুলি করে হত্যার পর লাশগুলো একটি ভ্যানে স্তূপ করে রাখা হয়। গুরুতর আহত এক ব্যক্তিকেও সেই স্তূপে ফেলে দেওয়া হয়। পরে ভ্যানে পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়।

তবে গত বছরের ২ জুলাই প্রসিকিউশন ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়।

অভিযোগের সঙ্গে ৩১৩ পৃষ্ঠার নথি, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ ও দুটি পেনড্রাইভ জমা দেওয়া হয়। এ মামলায় ৫৩ জনকে সাক্ষী করা হয়।

অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং হাজিরার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। এরপর ২১ আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

সেসময় উপস্থিত আট আসামির সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন। তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হন।

ট্রাইব্যুনালের রায়সমূহ

১৪ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন নিহত আস–সাবুরের ভাই রেজওয়ানুল ইসলাম ও সাজ্জাদ হোসেন সজলের বাবা মো. খলিলুর রহমান।

এরপর ২২ কার্যদিবসে তদন্ত কর্মকর্তা জানে আলম খানসহ ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষ হয় চলতি বছরের ১২ জানুয়ারি।

গত বছরের ১৯ নভেম্বর এসআই শেখ আবজালুল হক রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। তার জবানবন্দি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও প্রসিকিউশনের দাবি, তিনি জানা সব তথ্য প্রকাশ করেছেন।

এ বছরের ১৪ ও ১৫ জানুয়ারি প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা পাল্টা যুক্তি দেন।

পরে ২০ জানুয়ারি উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। ফেব্রুয়ারি ১ তারিখে রায়ের দিন ধার্য করা হয় ৫ ফেব্রুয়ারি এবং এটি ট্রাইব্যুনাল–২ থেকে ঘোষিত প্রথম রায়।

এর আগে ট্রাইব্যুনাল–১ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার রায় দিয়েছে।

প্রথম মামলায় গত ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 

একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড পান।

দ্বিতীয় মামলায় ২৬ জানুয়ারি রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত অপরাধের দায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা