বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৫ পিএম
জেলা নির্বান অফিসারের কার্যালয় বান্দরবান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বান্দরবানে সাতটি উপজেলার ১৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫৮টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল আলম বলেন, “যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, ভোটার সংখ্যা এবং এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।”
এর মধ্যে রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়নের রনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার রেমাক্রী প্রাংশা ইউনিয়নের পাকনিয়ারপাড়া, চিংলকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের রদলিয়ানপাড়া, রেমাক্রী বাজার, বড় মদক ও ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তিন্দু ইউনিয়নের তিন্দু গ্রুপিংপাড়া, চাইথোয়াইহ্লা কারবারীপাড়া ও জিন্নাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বলে জানিয়েছেন তিনি।
কামরুল আলম আরও জানিয়েছেন, আলীকদম উপজেলার কুরুপপাতা ইউনিয়নের কমচঙ ইয়ুংছা মাওরুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চারটি উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ১১টি দুর্গম এলাকার ভোটকেন্দ্রকে ‘হেলিস্টি ভোটকেন্দ্র’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটের সরঞ্জাম আনা-নেওয়ার কাজে হেলিকপ্টার ব্যবহার করা হবে।
বান্দরবান জেলায় সাতটি উপজেলা, দুটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন রয়েছে। এ আসনে বাঙালিসহ ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর বসবাস। জেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৬৭ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৭টি।