× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জরিপ

১৭১ আসনে এগিয়ে বিএনপি, সমর্থন বাড়ছে জামায়াত জোটের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে দোরগোড়ায়। ছবি: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে দোরগোড়ায়। ছবি: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে দোরগোড়ায়। মাত্র ৯ দিন পরেই অনুষ্ঠিত হবে বহু কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিনের অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটবঞ্চিত দেশবাসী যেমন অধীর আগ্রহে অপেক্ষা করছে নাগরিক অধিকার প্রয়োগের। ঠিক তেমনি ভোটের মাঠের হাওয়াও দুলছে ক্ষণে ক্ষণে। মাঠের বাস্তবতায় ফলাফলে বিস্তর ব্যবধান থাকলেও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোট গত এক সপ্তাহে অন্তত সাতটি আসনে এগিয়ে যেতে পেরেছে। প্রতিদিনের বাংলাদেশ-এর নির্বাচনী এলাকাভিত্তিক দ্বিতীয় পর্যায়ের জরিপে তেমনটাই উঠে এসেছে।

জরিপের ফলাফলে বিএনপি সাতটি আসনে পিছিয়ে এখনও ১৭১ আসনে এগিয়ে থেকে নিজেদের একক সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোট এখন ৪৯টি আসনে নিজেদেরকে এগিয়ে রেখেছে। তবে ৩৯টি আসনে হাড্ডাহাডি লড়াইয়ের আভাস মিলেছে। শেষ মুহূর্তে এই আসনগুলো গেমচেঞ্জার হিসেবে কাজ করতে পারে। আসনগুলো বিএনপির দিকে হেলে পড়লে ২০০১ সালের পর আবারও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারে বিএনপি। ভোটের মাঠে বিএনপির অর্ধশত বিদ্রোহী প্রার্থীর মধ্যে ১৫টি আসনে এগিয়ে থাকারও তথ্য মিলেছে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর জরিপে।

২০২৪-এর ৫ আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন-পরবর্তী বাংলাদেশে এক নতুন বাস্তবতায় অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১২ ফেব্রুয়ারি দিনভর এই ভোট নিয়ে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে ফ্যাসিস্ট-পরবর্তী সরকারের সংস্কার ইস্যুতে ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। একটি সুখী, সমৃদ্ধিশালী ও টেকসই গণতন্ত্রের এই অভিযাত্রায় নিজেদের অংশগ্রহণের বিরল সুযোগ পেয়েছে বাংলাদেশের মানুষ। সংস্কারের পাশাপাশি নিজেদের প্রতিনিধি নির্বাচনের এই মাহেন্দ্রক্ষণে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধিরা দেশব্যাপী ২৮০টি আসনে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে, তাদের মতামত নিয়েছে। তারই সম্মিলিত রূপ এই জরিপ।

গত ২৭ জানুয়ারি মঙ্গলবার প্রকাশিত আমাদের প্রাথমিক জরিপ সারা দেশে ব্যাপক আলোচিত হয়েছিল। যেখানে উঠে এসেছে সাধারণ ভোটারদের চাওয়া-পাওয়ার সমন্বয় ও মতামত। ঢাকা মহানগরের ১৭টিসহ ঢাকা জেলার ২০টি আসন ব্যতীত ২৮০টি আসনের জরিপে বিএনপি, জামায়াত জোট ও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বাইরে ৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছে। এই স্বতন্ত্র প্রার্থীরা কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। জরিপে জাতীয় পার্টি এগিয়ে রয়েছে মাত্র দুটি আসনে। আর এ দুটি আসনই রংপুর বিভাগে। অর্থাৎ রংপুর বিভাগের বাইরে বিগত প্রায় ১১ বছর ধরে জাতীয় সংসদে তথাকথিত বিরোধী দলের ভূমিকায় থাকা জাতীয় পার্টির কোনো অবস্থানই নেই।

বিভাগীয় হিসেবে বিএনপি সবচেয়ে বেশি ৪৬টি আসনে এগিয়ে রয়েছে চট্টগ্রামে। এই বিভাগের ৫৮টি আসনের মধ্যে জামায়াত জোট ৩টি, বিএনপির বিদ্রোহী প্রার্থী ১টি এবং ১টি আসনে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে রয়েছে। চট্টগ্রাম বিভাগের বাকি ৭টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

বিভাগীয় হিসেবে জামায়াত জোট রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে ১৭টি আসনে এগিয়ে রয়েছে। ১২টি আসনে বিএনপি, জাতীয় পার্টি ২টি, বিএনপির বিদ্রোহী ১টি এবং ১টি আসনে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে রয়েছে।

ঢাকা বিভাগের ৫০টি আসনের মধ্যে বিএনপি ৩৫টি আসনে এগিয়ে রয়েছে। এই বিভাগে জামায়াত জোটের চেয়ে বিএনপির বিদ্রোহীরা বেশি আসনে এগিয়ে রয়েছে। ৫টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এগিয়ে রয়েছে। জামায়াত এগিয়ে রয়েছে ৪টিতে। ২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছে। এ বিভাগের অবশিষ্ট ৪টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

বিভাগওয়ারী তৃতীয় সর্বোচ্চ ৩৯টি আসন রয়েছে রাজশাহীতে। এ বিভাগে ২০টি আসনে বিএনপি, ৫টি আসনে জামায়াত জোট এবং ১৪টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে বিএনপি ১৫টি আসনে এগিয়ে রয়েছে। জামায়াত জোট ১৪টি, বিএনপির বিদ্রোহী ২টি আসনে এগিয়ে রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে ৫টি আসনে।

ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের মধ্যে বিএনপি ১৬টিতে এগিয়ে রয়েছে। জামায়াত জোট ২টিতে এবং বিএনপির বিদ্রোহী ৪টিতে এগিয়ে রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে ২টি আসনে।

বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ১২টিতে এগিয়ে রয়েছে বিএনপি প্রার্থীরা। জামায়াত জোট ৩টি এবং বিএনপির বিদ্রোহী ১টিতে এগিয়ে রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে ৫টিতে। 

সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৫টিতেই এগিয়ে রয়েছে বিএনপি। জামায়াত জোট মাত্র ১টি আসনে এগিয়ে রয়েছে। বিভাগ হিসেবে সিলেট বিভাগেই জামায়াত জোটের অবস্থান সবচেয়ে নাজুক। এ বিভাগের অন্য তিনটি আসনে ১টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী এগিয়ে রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই ২টি আসনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা